ইত্তেফাক ডেস্ক
টানা বৃষ্টিতে পিরোজপুরের নাজিরপুর ও খুলনার পাইকগাছার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
পিরোজপুর অফিস ও নাজিরপুর সংবাদদাতা জানান, গত চার দিনে প্রবল বর্ষণ ও জোয়ারের পানিতে নাজিরপুরের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে চরম দুর্ভোগে পড়েছেন এসব অঞ্চলের মানুষ। প্লাবিত হয়েছে মুজিব শতবর্ষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর দেওয়া আশ্রয়ণ প্রকল্প এলাকা, ঘরবাড়ি, মাছের ঘের, চলাচলের রাস্তা। পূর্ব কাঠালিয়া আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা মাকছুদা বেগম জানান, সামান্য জোয়ারের পানিতে এখানে প্লাবিত হয়ে যায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওবায়দুর রহমান জানান, পূর্ব কাঠালিয়া আশ্রয়ণ প্রকল্পের কাছাকাছি সাতকাছিমায়ও সাইক্লোন শেল্টার থাকায় দুর্ভোগকালে এ প্রকল্পের বাসিন্দারা আশ্রয় সুবিধা পাবে।
পাইকগাছা (খুলনা) সংবাদদাতা জানান, টানা বৃষ্টিতে পাইকগাছার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে মত্স্য, কৃষি ও নার্সারি খেতের ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলা সিনিয়র মত্স্য কর্মকর্তা পবিত্র কুমার দাস বলেন, ভারী বৃষ্টি হলে উপজেলার নিচু এলাকা ও মত্স্য ঘেরগুলো তলিয়ে যায়। এখন পর্যন্ত ঘের তলিয়ে যাওয়া বা মাছ ভেসে যাওয়ার কোনো অভিযোগ পাইনি। উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, টানা বৃষ্টিতে ফসলের তেমন ক্ষয়ক্ষতি হয়নি। বোয়ালিয়া বীজ উত্পাদন খামারের সিনিয়র সহকারী পরিচালক মো. হারুন বলেন, রোপণকৃত খেত থেকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে পানি নিষ্কাশন হলে চারার খুব বেশি ক্ষতি হবে না।