বকশীগঞ্জ (জামালপুর) সংবাদদাতা
বকশীগঞ্জ উপজেলার ভারতীয় সীমান্তবর্তী গারো পাহাড়ে এক কিশোরী গণধর্ষণের শিকার হয়েছে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার লাউচাপড়া পিকনিক স্পটের পাশে পাহাড়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বকশীগঞ্জ থানায় ৯ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশ রাতেই পাঁচ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো কুড়িগ্রামের রৌমারী উপজেলার কোমরভাঙ্গা পুরাতন পাড়া এলাকার হুসাইন শান্ত, আমিনুল ইসলাম, আইয়ুব আলম, শফি আলম ও রুহুল আমীন। মামলার তদন্ত কর্মকর্তা বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুর রহিম জানান, কিশোরী বাদী হয়ে বকশীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেছে। গ্রেফতারকৃত পাঁচ আসামিকে শুক্রবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে এবং মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য জামালপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।