বান্দরবানে বন্যা পরিস্থিতির উন্নতি

বান্দরবান প্রতিনিধি

বান্দবরানে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। বৃহস্পতিবার বিকাল থেকে বৃষ্টিপাত থেমে যাওয়ায় শঙ্খ নদী এবং মাতামুহুরী নদীতে পানির চাপ কমে গেছে। ফলে জেলায় সার্বিক বন্যা পরিস্থিতি অনেকটা উন্নতি হয়েছে। বর্তমানে শঙ্খ ও মাতামুহুরী নদীর পানি বিপত্সীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। নিম্নাঞ্চল থেকে সরে যাচ্ছে পানি। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সিমন সরকার জানান, জেলা সদরসহ রুমা, রোয়াংছড়ি, থানচি, লামা, আলীকদম ও নাইক্ষ্যংছড়ি উপজেলার ইউনিয়ন ও অভ্যন্তরীণ সড়কসমূহের কোনো কোনো স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটলেও কোথাও বড় ধরনের বিপর্যয় ঘটেনি। জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরিজী জানান, জেলায় ১৪০টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা আছে। সদরের ১২টি আশ্রয়কেন্দ্রে দুই সহস্রাধিক মানুষ আশ্রয় নিয়েছে। তাদেরকে শুকনা ও রান্না করা খাবার পরিবেশন করা হচ্ছে। জেলা প্রশাসক আরো জানান, বন্যা ও দুর্যোগে যে কোনো ঝুঁকি মোকাবিলার জন্য জেলা ও উপজেলা প্রশাসন সার্বক্ষণিক কাজ করছে। পাহাড় ধসের ঝুঁকিতে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যেতে মাইকিং করা হচ্ছে। আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া মানুষের মধ্যে ত্রাণ তত্পরতা অব্যাহত আছে।