দুই গান নিয়ে ফিরছে ব্যান্ড ‘ট্র্যাপ’

বিনোদন প্রতিবেদক

 

দীর্ঘদিন পর নতুন দুটি গান নিয়ে ফিরছে জনপ্রিয় ব্যান্ড ‘ট্র্যাপ’। ‘নষ্ট আবেগ’ শিরোনামের গানটি লিখেছেন ইমতিয়াজ মাসুদ রানা এবং ‘সমাহিত পরিণয়’ নামের গানটি লিখেছেন ওয়াহিদুল মামুন অপু। দুটি গানেরই কম্পোজিশন করেছে ট্র্যাপ। শিগগিরই জি-সিরিজের ব্যানারে একটি গান মিউজিক ভিডিও এবং একটি গান লিরিক্যাল ভিডিও আকারে রিলিজ পাবে। ব্যান্ডটির নতুন গান ও দীর্ঘ বিরতীর কারণ জানতে চাইলে রুবেন সিদ্দিকি বলেন, ‘আসলে নানা ব্যস্ততার কারণে নিয়মিত গান প্রকাশ করা হয়ে ওঠেনি। তাছাড়া আমরা বরাবরই সময় নিয়ে ভালো কিছু দর্শক-শ্রোতাদের উপহার দিতে চেয়েছি। এবারো তার ব্যতিক্রম হচ্ছে না। নতুন এই গানগুলোও অনেক যত্ন নিয়ে করা হয়েছে। আশা করছি সবাই ভিন্নতা খুঁজে পাবেন গানগুলোতে।’ উল্লেখ্য, ব্যান্ডটির সর্বশেষ অ্যালবাম প্রকাশ হয়েছিল ২০০০ সালে। এর মাঝে একাধিক সলো গান প্রকাশিত হলেও কোনো অ্যালবাম পায়নি শ্রোতারা। এ নিয়ে তিনি আরো বলেন, ‘এখন তো সবাই এককভাবে সলো গান প্রকাশ করছে। আমরাও সেই পথেই হাঁটছি। তাছাড়া মানুষের একসঙ্গে ১০-১২টি গান শোনার সময়ও নেই। তাই ইচ্ছে থাকলেও অ্যালবাম করা হয়ে ওঠেনি। তবে তেমন সময় এলে নিশ্চয় অ্যালবাম বের করবো।’ অনেকেই অভিযোগ করেন ব্যান্ড সংগীতের এক সময়ের তুমুল জনপ্রিয়তায় ভাটা পড়েছে। হারিয়ে যাচ্ছে ব্যান্ডের ঐতিহ্য। রুবেন এ প্রসঙ্গে আরো বলেন, ‘এই অভিযোগ ঠিক নয়। নতুন ধারা এলেই যে আগের গান হারিয়ে যাবে, তা না। এখনো অনেক নতুন ব্যান্ড নিয়মিত ভালো ভালো গান উপহার দিচ্ছে এবং সবাই সেগুলো গ্রহণও করছেন।’

ট্র্যাপের বর্তমান লাইনআপে রয়েছেন ভোকাল রানা, জাহিদ ও নাহিদ, কি-বোর্ডে অপু, বেস গিটারে সামছ এবং গিটার ও ড্রামসে রুবেন।