এডিস মশা রোধে ডিএনসিসির উদ্যোগ
ইত্তেফাক রিপোর্ট
ঢাকা উত্তর সিটি করপোরেশন-ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, প্রতি শনিবার ১০টায় ১০ মিনিট নিজ নিজ বাসাবাড়ি পরিষ্কার করুন। গতকাল শুক্রবার গুলশানের নগর ভবন থেকে ডিএনসিসির বিভিন্ন এলাকার সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নিতে গিয়ে ডিএনসিসি মেয়র এ কথা বলেন। তিনি বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমকে একটি সামাজিক আন্দোলনে রূপান্তর করতে হবে এবং এডিস মশার বংশ বিস্তার রোধে আমাদের সবাইকেই লজ্জা পরিহার করে প্রতি শনিবার সকাল ১০টায় ১০ মিনিট স্বতঃস্ফূর্তভাবে নিজ নিজ বাসাবাড়ি পরিষ্কার করতে হবে।
মো. আতিকুল ইসলাম বলেন, তিনি নিজে শনিবার সকাল ১০টায় ১০ মিনিট নিজের বাসাবাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন করবেন এবং তার ফেসবুক ভেরিফাইড পেইজ থেকেও তা শেয়ার করবেন। ডিএনসিসি মেয়র নগরবাসীকেও একযোগে এক?ই সময়ে নিজ নিজ বাসাবাড়ি পরিষ্কার করতে এবং তা ফেসবুকে শেয়ার দিতে আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ইতিমধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাভুক্ত সব মসজিদের ইমাম যাতে শুক্রবারের জুম্মার নামাজের খুতবায় মুসল্লিদের উদ্দেশ্যে ‘১০টায় ১০ মিনিট প্রতি শনিবার, নিজ নিজ বাসাবাড়ি করি পরিষ্কার’ স্লোগানটির গুরুত্ব ও তাত্পর্য তুলে ধরে কমপক্ষে পাঁচ মিনিট আলোচনা করেন সেজন্য অনুরোধপত্র প্রেরণ করা হয়েছে।
আতিকুল ইসলাম বলেন, এডিস মশা, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধকল্পে সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে, নিজেদের বাসাবাড়ি ও আশপাশের পরিবেশকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। ডিএনসিসি মেয়র বলেন, নিজেদের বাসাবাড়িতে ফুলের টব, অব্যবহূত টায়ার, ডাবের খোসা, বিভিন্ন ধরনের খোলা প্যাকেট বা পাত্র, ছাদ কিংবা অন্য কিছুতে যাতে তিন দিনের বেশি পানি জমে না থাকে সে বিষয়ে খেয়াল রাখতে হবে। তিনি বলেন, করোনা মহামারি চলাকালে যাতে ডেঙ্গু ও চিকুনগুনিয়ায় কারো মৃত্যু না হয়, সেজন্যই ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১০টি অঞ্চলের ৫৪টি ওয়ার্ডে একযোগে ২৭ জুলাই থেকে ৭ আগস্ট পর্যন্ত শুক্রবার ব্যতীত ১০ দিনব্যাপী মশক নিধনে চিরুনি অভিযানসহ জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। আতিকুল ইসলাম বলেন, নগরবাসীর কল্যাণে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪৪টি নগর স্বাস্থ্যকেন্দ্রেই ডেঙ্গু রোগের ফ্রি পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।