শ্রীপুরে মৌমাছির কামড়ে এক জনের মৃত্যু

শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা

গাজীপুরের শ্রীপুরে মৌমাছির কামরে গোপাল চন্দ্র কোঁচ (৫২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে শ্রীপুর পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ডের লোহাগাছ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গোপাল চন্দ্র কোঁচ ঐ গ্রামের মৃত গ্যানেন্দ্র চন্দ্র কোঁচের ছেলে।

নিহতের পারিবরিক সূত্রে জানা যায়, গোপাল চন্দ্র কোঁচ বেলা সাড়ে ১২টার দিকে মাছ ধরার জন্য বাড়ির পার্শ্বে জঙ্গল থেকে পিঁপড়ার ডিম সংগ্রহ করতে যান। লম্বা বাঁশ দিয়ে গাছ থেকে ডিম পাড়ার সময় ভুলবশত ঐ গাছে থাকা মৌচাকে খোঁচা দেন। এ সময় মৌমাছিরা তাকে ঘিরে ধরে সমস্ত শরীরে কামড়ায়। গোপাল চন্দ্র আত্মরক্ষার জন্য পাশের বাড়িতে আশ্রয় নেন। পরে স্থানীয় লোকজন মুমূর্ষু অবস্থায় শ্রীপুর উপজেলা হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের কর্তব্যরত চিকিত্সক জান্নাতুল ফেরদৌস জানান, ঐ ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।