সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
সিদ্ধিরগঞ্জে হেফাজতে ইসলামের ডাকা হরতালে নাশকতার ঘটনায় দায়ের করা মামলার আসামি আবজাল হোসেনকে (৪৫) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শুক্রবার দুপুরে সিদ্ধিরগঞ্জের নিমাইকাশারী এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব-১১-এর একটি টিম। আবজাল হোসেন নিমাইকাসারীর লিল মিয়ার ছেলে। গতকাল শুক্রবার গণমাধ্যমকে এ তথ্য জানান আদমজীতে অবস্থিত র্যাব-১১-এর প্রধান কার্যালয়ের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান।
তিনি জানান, আবজাল হোসেন চলতি বছরের গত ২৮ মার্চ হেফাজত ইসলামের ডাকা সারা দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নাশকতা ও সহিংসতা সৃষ্টি মামলার অন্যতম এজাহারনামীয় আসামি। ঐ দিন হরতাল কর্মসূচি পালনকালে দুষ্কৃতকারীরা নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক, সানারপাড় ও শিমরাইল এবং চিটাগাং রোড এলাকায় ব্যাপক সহিংসতা, গাড়ি ভাঙচুর, নাশকতা সৃষ্টি ও অগ্নিসংযোগ করে জনমনে ভয়ভীতি সঞ্চার ও সরকারি কাজে বাধা সৃষ্টি করে। উক্ত ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় র্যাব ও পুলিশ বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে পৃথক ছয়টি মামলা করে।