সেমি থেকেই জকোভিচের বিদায়

 

 

 স্পোর্টস ডেস্ক

রজার ফেদেরার, রাফায়েল নাদাল টোকিও অলিম্পিক থেকে নাম প্রত্যাহার করে নিয়েছিলেন। তখনই সবার ধারণা ছিল নাদালের মতো অলিম্পিকে স্বর্ণ জয়ের কীর্তি গড়বেন নোভাক জকোভিচ। দুই শীর্ষ তারকার অনুপস্থিতিতে এ সার্বিয়ানকেই ছেলেদের এককে ফেবারিট ধরা হয়েছিল। অতীতে কখনোই অলিম্পিকে স্বর্ণ জিতেননি তিনি।

কিন্তু অলিম্পিকে সোনা জয়ের কীর্তি এবারও গড়তে পারলেন না জকোভিচ। আক্ষেপ ঘোচানোর মিশনে সফল হলেন না তিনি। স্বর্ণপদকটা অধরাই থেকে যাচ্ছে তার কাছে। সেমিফাইনাল থেকেই ছিটকে পড়েছেন তিনি। গতকাল সেমিতে জার্মানির অ্যালেক্সান্ডার জেভেরেভের কাছে হেরে গেছেন জকোভিচ। জেভেরেভ ১-৬, ৬-৩, ৬-১ গেমে জয় পান জকোভিচের বিরুদ্ধে। প্রথম সেটটা জিতলেও পরে আর ছন্দ ধরে রাখতে পারেননি জকোভিচ। দারুণভাবে ঘুরে দাঁড়ানো জেভেরেভ হারিয়ে দেন এ সার্বিয়ানকে।

দিনের আরেক সেমিফাইনালে স্পেনের পাবলো কারেনিয়া বুস্তাকে ৬-৩, ৬-৩ গেমে হারিয়ে ফাইনালে উঠেছেন রাশিয়ার কারেন খাচানোভ। ফাইনালে জেভেরেভ লড়বেন এই খাচানোভের বিপক্ষেই। 

গোল্ডেন গ্র্যান্ড স্ল্যাম জয়ের আশায় টোকিওতে এসেছিলেন জকোভিচ। একই বছরে চারটি গ্র্যান্ড স্ল্যাম ও অলিম্পিকে স্বর্ণপদক জয়কে বলা হয় গোল্ডেন গ্র্যান্ড স্ল্যাম। সেই লক্ষ্যেই এগুচ্ছিলেন তিনি। কিন্তু সেমিতে এসেই থেমে যেতে হালো জকোভিচকে। তবে এখনও ক্যালেন্ডার গ্র্যান্ড স্ল্যাম জয়ের সুযোগ আছে তার সামনে। এ বছর এখন পর্যন্ত অস্ট্রেলিয়ান ওপেন, ফরাসি ওপেন ও উইম্বলডন জিতেছেন জকোভিচ। এখন ইউএস ওপেন জিতলেই ক্যালেন্ডার গ্র্যান্ড স্ল্যাম পূর্ণ হবে তার।

জয়ের পর জার্মান জেভেরেভ নেটের কাছে গিয়ে জড়িয়ে ধরেছেন জকোভিচকে। ঐ সময় দুজনের কথোপকথন সম্পর্কে জেভেরেভ বলেছেন, ‘আমি তাকে বলেছি, তুমি সর্বকালের অন্যতম সেরাদের একজন। আমি এটার জন্য দুঃখিত। আমি জানি সে (জকোভিচ) ইতিহাস গড়ার পথে ছিল, গোল্ডেন গ্র্যান্ড স্ল্যাম জয়ের পথে ছিল, অলিম্পিকে সোনা জয়ের স্বপ্নকে তাড়া করছিল। তার জন্য খারাপ লাগছে। কিন্তু সে ২০টি গ্র্যান্ড স্ল্যাম, ৫৫০ মাস্টার্স সিরিজ জিতেছে, আপনি সব পাবেন না।’

দেশকে পদক এনে দিতে পারবেন, তাতেই খুশি জেভেরেভ। তিনি বলেন, ‘এটা জানতে পারা অসাধারণ এক অনুভূতি যে, আপনি পদকটা ঘরে নিয়ে যাবেন, জার্মানিতে নিয়ে যাবেন। এ ইভেন্টে তাকে হারানো অনেকটা অসম্ভব মনে হচ্ছিল, তাই আমি এখন খুব খুশি। কিন্তু এখন আরো একটা ম্যাচ বাকি রয়েছে।’