ভারতকে গুঁড়িয়ে শ্রীলঙ্কার সিরিজ জয়

স্পোর্টস ডেস্ক

ওয়ানডে সিরিজে হারলেও ভারতের দ্বিতীয় সারির দলের বিরুদ্ধে টি-২০ সিরিজ জিতেছে শ্রীলঙ্কা। গত বৃহস্পতিবার রাতে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ভারতকে ৭ উইকেটে হারিয়েছে লঙ্কানরা। সিরিজটা ২-১-এ জিতেছে স্বাগতিকরা। ২০১৯ সালের পর প্রথম টি-২০ সিরিজ জিতল শ্রীলঙ্কা। টানা আটটি সিরিজ জয়ের পর হারল ভারত।

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী ম্যাচ, ঠিক যেন ফাইনাল। কিন্তু এমন ম্যাচেই ভেঙে পড়ল ভারতের ব্যাটিং লাইন। ভানিন্দু হাসারাঙ্গাসহ লঙ্কানদের বোলিং তোপে ভারতের ব্যাটসম্যানরা প্রতিরোধ গড়তে পারেননি। ৮ উইকেটে ৮১ রানের বেশি করতে পারেনি দলটি। কুলদীপ যাদব সর্বোচ্চ অপরাজিত ২৩, ভুবনেশ্বর কুমার ১৬, রতুরাজ গায়কোয়াড় ১৪ রান করেন। এর বাইরে দলের কেউ দইু অঙ্কের ঘরই স্পর্শ করতে পারেনি।

শ্রীলঙ্কার হাসারাঙ্গা ৯ রানে ৪ উইকেট। যা ভারতের বিরুদ্ধে টি-২০-তে যে কোনো বোলারের সেরা বোলিং। দাসুন শানাকা দুটি, রমেশ মেন্ডিস ও চামিরা একটি করে উইকেট নেন। পরে ১৪.৩ ওভারে ৩ উইকেটে ৮২ রান তুলে ম্যাচ জিতে নেয় শ্রীলঙ্কা। আভিস্কা ফার্নান্দো ১২, বিনোদ মানুকা ১৮, ধনাঞ্জয়া ডি সিলভা অপরাজিত ২৩, হাসারাঙ্গা অপরাজিত ১৪ রান করেন। অলরাউন্ড পারফরম্যান্সে হাসারাঙ্গা ম্যাচ সেরা হন। সিরিজ সেরার পুরস্কারও তার দখলেই রয়েছে।

এদিকে গতকাল শ্রীলঙ্কা ছেড়েছে শেখর ধাওয়ানের নেতৃত্বাধীন ভারতীয় দল। কলম্বো ত্যাগের আগে করোনা পজিটিভ রিপোর্ট এসেছে ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল ও কৃষ্ণাপ্পা গৌতমের। এর আগে গত ২৭ জুলাই করোনা পজিটিভ রিপোর্ট পেয়েছিলেন ক্রুনাল পান্ডিয়া। তিন জনকেই আরো কিছুদিন কলম্বোয় থেকে যেতে হবে। আইসোলেশনে রাখা হয়েছে তাদেরকে।

কলম্বো থেকেই ইংল্যান্ডে উড়াল দিচ্ছেন পৃথ্বি শ ও সূর্যকুমার যাদব। দুজনই ইংল্যান্ডের বিপক্ষে ভারতীয় টেস্ট দলে ডাক পেয়েছেন।