কিশোরগঞ্জে সৈয়দ আশরাফের ম্যুরাল ভাঙচুর

বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের ম্যুরাল ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। জেলা শহরের কালীবাড়ি ব্রিজসংলগ্ন স্থানে নরসুন্দা নদীর তীরে কিশোরগঞ্জ পৌরসভার উদ্যোগে স্থাপিত ম্যুরালটি বৃহস্পতিবার রাতে ভাঙচুর করা হয়। কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ গত বছরের ৩০ নভেম্বর ম্যুরালটি উদ্বোধন করেন। এই উদ্বোধনী স্মৃতিফলকটিও  ভাঙচুর করা হয়। খবর পেয়ে রাতেই কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক, জেলা প্রশাসক মো. শামীম আলম, পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ, পৌর মেয়র মাহমুদ পারভেজ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে কিশোরগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী রফিকুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে গতকাল শুক্রবার কিশোরগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন বলে ডিউটি অফিসার এসআই ফারুক আহমদ জানান। কেউ গ্রেফতার হয়নি।

এদিকে এই ঘটনার প্রতিবাদে নাগরিক অধিকার সুরক্ষা মঞ্চের উদ্যোগে শুক্রবার বেলা ১১টার দিকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে একটি মানববন্ধন কর্মসূচি পালিত হয়। সংগঠনের আহ্বায়ক শেখ সেলিম কবীরের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অজয় কর খোকন প্রমুখ। বক্তাগণ এ ঘটনায় দায়ী ব্যক্তিদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবি জানান।