অস্ট্রেলিয়ায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা খুবই নগণ্য। গতকাল শুক্রবার পর্যন্ত অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৭০ জন। এর আগের দিন এ সংখ্যা যখন ২৪০ এ পৌঁছে, তখন থেকেই সরকারের মধ্যে দেখা দেয় দুশ্চিন্তা। চলমান লকডাউনে পুলিশকে সহায়তা করার জন্য তড়িঘড়ি করে কেন্দ্রীয় সরকারের কাছে সেনাবাহিনী মোতায়েনের অনুরোধ জানায় রাজ্য সরকার। অতি দ্রুততার সঙ্গে অনুরোধে সাড়া দিয়ে কেন্দ্রীয় সরকার অস্ত্রবিহীন সেনা মোতায়েনের নির্দেশ জারি করেছে।
এদিকে সেনা মোতায়েনের সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কম্বারল্যান্ড সিটি কাউন্সিলের মেয়র স্টিভ ক্রিস্টো সেনা মোতায়েনের সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করে বলেছেন, ‘এটি নাগরিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করবে। তারা খুব ভালোভাবে গ্রহণ করবে না।’ নিউ সাউথ ওয়েলসের পুলিশ মন্ত্রী ডেভিড ইলিয়ট বলেন, ‘সেনা মোতায়েন প্রয়োজনীয় ছিল, কারণ অল্প সংখ্যক মানুষ মনে করছে, নিয়ম তাদের জন্য প্রযোজ্য নয়।’ অস্ট্রেলিয়ার আইনজীবীদের একটি সংগঠন সেনাবাহিনী মোতায়েনে উদ্বেগ প্রকাশ করে গণমাধ্যমকে বলেছে, এই ‘অসাধারণ ব্যবস্থা’ একটি বিপজ্জনক নজির স্থাপন করতে পারে।
প্রসঙ্গত, অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের আটটি কাউন্সিল এলাকায় সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে প্রশাসন। গত ২৬ জুন সংক্রমণের সংখ্যা ছিল ৩১ জন। ঐদিন থেকে গ্রেটার সিডনি এলাকায় লকডাউন শুরু হয়। সর্বশেষ লকডাউনের মেয়াদ বাড়িয়ে আগামী ২৮ আগস্ট পর্যন্ত করা হয়েছে।