লকডাউন ও কারফিউ সমাধান নয়, দরকার গণটিকা :জি এম কাদের

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, দেশের বিদ্যমান পরিস্থিতিতে করোনা মোকাবিলায় লকডাউন ও কারফিউ কোনো সমাধান নয়। গণটিকা কর্মসূচি আরো জোরদার করতে হবে। সাধারণ মানুষের জীবনযাত্রা স্বাভাবিক করতে হবে। পাশাপাশি সংক্রমণপ্রবণ এলাকায় করোনা চিকিত্সায় ফিল্ড হাসপাতাল নির্মাণ করে প্রয়োজনীয় সংখ্যক ডাক্তার ও অন্যান্য স্বাস্থ্যকর্মী নিয়োগ দিতে হবে। গতকাল শুক্রবার এক বিবৃতিতে তিনি একথা বলেন।

জি এম কাদের বলেন, দেশের বাস্তবতায় লকডাউন সফল হবে না। লকডাউন চলছে, কিন্তু মানুষকে ঘরে আটকে রাখা সম্ভব হচ্ছে না। বিভিন্ন গবেষণা সংস্থার জরিপ বলছে—করোনায় এক বছরে দেশের প্রায় আড়াই কোটি মানুষের জীবনমান নতুন করে দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে। আর আগে থেকে দারিদ্র্যসীমার নিচে বসবাস করছেন আরো সাড়ে ৩ কোটি মানুষ। বেশির ভাগ দরিদ্র মানুষের ঘরে খাবার নেই, পকেটে ওষুধ ও শিশু খাদ্য কেনার পয়সা নেই। এ ধরনের মানুষকে ঘরে আটকে রাখা সম্ভব হচ্ছে না।

বিবৃতিতে তিনি আরো বলেন, সরকারের তরফ থেকে যে সাহায্য দেওয়া হচ্ছে তা এক দিকে অত্যন্ত অপ্রতুল এবং একই সঙ্গে এর একটি বড় অংশ প্রকৃত দরিদ্রদের হাতে পৌঁছাচ্ছে না। তাই দেশের বর্তমান পরিস্থিতিতে করোনা মোকাবিলায় লকডাউন ও কারফিউ সমাধান দিতে সক্ষম হচ্ছে না। লকডাউন চলছে, কিন্তু প্রতিদিন সরকারি হিসাবেই প্রায় ১৫ হাজার মানুষ নতুন করে করোনায় আক্রান্ত হচ্ছে, মৃত্যু হচ্ছে প্রতিদিন এখন ২০০-এর বেশি। সাধারণ মানুষের ধারণা এই সংখ্যা হয়তো আরো বেশি। আক্রান্ত ও মৃত্যুহার ঊর্ধ্বগামী এবং কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। ফলে বাস্তবে লকডাউনে করোনা পরিস্থিতির উন্নতি হচ্ছে না। তাছাড়া খেটে খাওয়া মানুষের দুঃখ-দুর্দশাও বেড়ে গেছে কয়েক গুণ। প্রতিদিন দরিদ্র মানুষের সংখ্যা বাড়ছে, বাড়ছে তাদের আহাজারি। সে কারণেই গণটিকা জোরদার করে সাধারণ মানুষকে স্বাভাবিক জীবন ফিরিয়ে দিতে হবে।