উদীচীর স্মরণে ফকির আলমগীর

ফকির আলমগীর শুধু বাংলাদেশের নয়, উপমহাদেশেই গণসংগীতের এক অন্যন্য শিল্পী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই সাবেক শিক্ষার্থী গণমানুষের সংগীত পরিবেশনে যে অবদান রেখেছেন, তা জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।

গতকাল শুক্রবার রাতে সদ্যপ্রয়াত একুশে পদকপ্রাপ্ত গণসংগীতশিল্পী ফকির আলমগীর স্মরণে উদীচী আয়োজিত অনলাইন অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

স্মরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উদীচীর সহসভাপতি অধ্যাপক বদিউর রহমান। এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। শুরুতে বক্তব্য রাখেন উদীচীর সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন। আলোচনা করেন ফকির আলমগীরের ছোট ভাই ফকির সিরাজ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, কামরুল আহসান খান ও ফকির আলমগীরের সহধর্মিণী সুরাইয়া আলমগীর।

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন মাহমুদ সেলিম, ফকির শাহবুদ্দিন, হাবিবুল আলম, মায়শা সুলতানা উর্বি, অবিনাশ বাউল, আরিফ রহমান, সমর বড়ুয়া ও সুরাইয়া পারভীন। কলকাতা থেকে অনুষ্ঠানে যুক্ত হয়ে আলোচনা ও সংগীত পরিবেশন করেন শিল্পী কল্যাণ সেন বরাট, শুভেন্দু মাইতি, শুভপ্রসাদ নন্দী মজুমদার। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন উদীচীর সহসভাপতি হাবিবুল আলম। অনুষ্ঠানটি বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ফেজবুক পেজ থেকে সরাসরি সম্প্রচারিত হয়।