শিবচরে ট্রাক খাদে পড়ে নিহত ৬

মাদারীপুরের শিবচরের একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। শনিবার রাত ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে আড়িয়াল খাঁ নদের হাজী শরীয়াতুল্লাহ সেতুর টোল প্লাজায় এ ঘটনা ঘটে। 

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বরগুনা থেকে একটি ট্রাকে (ঢাকা মেট্রো-ন-১৫৬৭৮৭) বিল্ডিংয়ের ছাদ ঢালাইয়ের সেন্টারিংয়ের মালামাল বোঝাই করে কয়েকজন শ্রমিক ঢাকা যাচ্ছিলেন। পথিমধ্যে কয়েকজন যাত্রী উঠায় ট্রাকটি। হাজী শরীয়তুল্লাহ সেতুর টোল প্লাজায় আসলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রেলিং ভেঙে উল্টে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকের দুইজন নিহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফরিদপুর, পাচঁর রয়েল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করে। ফরিদপুর ও ভাঙ্গা হাসপাতালে নেওয়ার পরে টোল প্লাজার স্টাফ নির্মল, সোহান, পুলকের মৃত্যু হয় বলে টোল প্লাজার স্টাফ আনিস জানান। 

দুর্ঘটনায় ট্রাকে থাকা শ্রমিক ভোলার লালমোহন উপজেলার রমাগঞ্চ গ্রামের কবির হোসেনের ছেলে মিরাজ (৩০), চরফ্যাশন উপজেলার ইসলামপুর গ্রামের নূরুল ইসলামের ছেলে আরিফ (২৫) ও পিরোজপুরের ভাণ্ডারিয়ায়া উপজেলার পসারিয়া গ্রামের বিল্লাল গাজীর ছেলে হান্নান গাজীর (২৪) মৃত্যু হয়েছে। হাইওয়ে পুলিশ ও শিবচর ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ ও দুর্ঘটনা কবলিত ট্রাকটি উদ্ধার করেছে।

টোল প্লাজার স্টাফ আনিস জানান, ট্রাকটি টোল প্লাজার যে স্টাফরা কাজ করে তাদের ওপর দিয়ে উঠিয়ে দিয়েছে। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে  তিনজন স্টাফ নির্মল, সোহান, পুলক ভাঙ্গা ও ফরিদপুর হাসপাতালে মৃত্যুবরণ করেছেন।

শিবচর ফায়ার সার্ভিসের কর্মকর্তা শ্যামল কুমার বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাকটিও উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।’

শিবচর হাইওয়ে থানার ওসি মোহাম্মদ আলী বলেন, ‘ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে টোল প্লাজার কর্মরতদের উপর দিয়ে উঠিয়ে দিয়েছে। এতে টোল প্লাজার ৩ স্টাফসহ ৬ জন মারা যাওয়ার খবর পেয়েছি।’

ইত্তেফাক/এএএম