ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ২০ কি‌মি অং‌শে যানবাহনের দীর্ঘ লাইন

গতকালের মত আজও ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে রয়েছে ঢাকামুখী মানুষের চাপ। শ‌নিবার (৩১ জুলাই) রাত থে‌কে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে প্রায় ২০ কি‌লো‌মিটার অং‌শে থে‌মে থে‌মে চলছে যানবাহন। ফলে কোথাও কোথাও সৃ‌ষ্টি হ‌চ্ছে যানজ‌ট।

আজ সকাল ৯টার দিকে সরেজমিন দেখা যায়, কালিহাতী উপজেলার পৌলি ওভার ব্রিজ থেকে থেকে সেতুর পূর্বপাড় পর্যন্ত ঢাকামুখী রাস্তা ফাঁকা। কিন্তু ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী গাড়ির চাপ রয়েছে সড়কের এ অংশে। যানজট নিরসনে কাজ করে যাচ্ছে হাইওয়ে পুলিশ।

মাঝে মাঝেই ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী অধিকাংশ ফাঁকা গাড়িগুলি দীর্ঘ যানজটের সৃষ্টি করছে। আবার বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যেই রাস্তা ফাঁকা হয়ে যাচ্ছে। কখনো আবার ধীর গতিতে থেমে থেমে চলছে যানবাহন। রাতে ঢাকাগামী গাড়ির চাপ বাড়লেও বেলা বাড়ার সাথে সাথে ফাঁকা হয়ে যাচ্ছে রাস্তা। তবে নানা ভোগান্তির শিকার হতে হচ্ছে সাধারণ যাত্রীদের।

এদি‌কে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মহাসড়কের বি‌ভিন্নস্থানে ঢাকামুখী মানুষ‌দের উপচে পড়া ভিড়। দুপুর ১২টা পর্যন্ত চলাচলের নির্দেশনা থাকলেও পর্যাপ্ত গণপরিবহন না থাকায় খোলা ট্রাক, পিকআপ, প্রাইভেটকার, সিএনজি ও মোটরসাইকেলযোগে গন্তব্যে যাচ্ছেন তারা। এতে তাদের গুন‌তে হচ্ছে কয়েকগুন বেশি ভাড়া।

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে কর্তব্যরত এক পুলিশ সদস্য জানান, রবিবার আধাবেলার জন্য গণপরিবহন চালু হওয়ায় মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় মহাসড়কের বিভিন্ন এলাকায় হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ ও ট্রাফিক পুলিশ নিয়োজিত রয়েছেন। 

ইত্তেফাক/জেডএইচডি