রামেক হাসপাতালে করোনা ও উপসর্গে ১৮ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে ১৮ জনের মৃত্যু হয়েছে। শনিবার সকাল থেকে রবিবার সকাল পর্যন্ত এ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এদের মধ্যে করোনা পজিটিভ ৬ জন, করোনা পজিটিভ থেকে নেগেটিভ হওয়ার পরবর্তী স্বাস্থ্য জটিলতায় ৫ জন এবং করোনার উপসর্গে ৭ জন মারা যান। রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।

গত জুলাই মাসের ৩১ দিনে রামেক হাসপাতালের করোনা ইউনিটে মারা যান ৫৬৬ জনে। এর মধ্যে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর মারা গেছেন ১৮৪ জন। শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে ভর্তি হওয়ার পর নমুনা পরীক্ষার আগেই চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ৩৪৪ জন। বাকি ৩৮ জন মারা যান করোনামুক্ত হয়েও পরবর্তী স্বাস্থ্য জটিলতায়। গত জুন মাসে রামেক হাসপাতালের করোনা ইউনিটে করোনা ও উপসর্গে মারা যান ৪০৫ জন।

রামেক পরিচালক জানান, মৃতদের মধ্যে রাজশাহীর ৬ (পজিটিভ ২, পজিটিভ থেকে নেগেটিভ ২ ও উপসর্গে ২) জন, চাঁপাইনবাবগঞ্জের ১ (পজিটিভ থেকে নেগেটিভ) জন, নাটোরের ৪ (পজিটিভ ৩, পজিটিভ থেকে নেগেটিভ ১) জন, নওগাঁর ৩ (উপসর্গ ২, পজিটিভ থেকে নেগেটিভ ১) জন, পাবনার ৩ (পজিটিভ ১, উপসর্গ ২) জন ও কুষ্টিয়ার ১ (উপসর্গ) জন।

তিনি বলেন, আজ রবিবার সকাল পর্যন্ত এ হাসপাতালের ৫১৩টি করোনা ডেডিকেটেড বেডের বিপরীতে করোনা ও উপসর্গের রোগী ভর্তি রয়েছেন ৪১৮ জন। এর মধ্যে রাজশাহীর ১৮০, চাঁপাইনবাবগঞ্জের ৩৯, নাটোরের ৬৮, নওগাঁর ৩২, পাবনার ৮১, কুষ্টিয়ার ১০, চুয়াডাঙ্গার ৩, সিরাজগঞ্জের ৩ ও ময়মনসিংহের ১ জন। এদিন সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ৪৩ জন। এর মধ্যে রাজশাহীর ২৮, চাঁপাইনবাবগঞ্জের ১, নাটোরের ৫, নওগাঁর ৮, পাবনার ৮, কুষ্টিয়ার ১ ও সিরাজগঞ্জের ২ জন। একই সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪৬ জন। রবিবার সকাল পর্যন্ত করোনা ইউনিটের আইসিইউতে রয়েছে ১৮ জন।

পরিচালক জানান, নতুন মৃতদের ১১ জন পুরুষ ও ৭ জন নারী। এদের মধ্যে ৫ জনের বয়স ৬১ ঊর্ধ্বে, ৪ জনের বয়স ৫১ ঊর্ধ্বে, ৪ জনের বয়স ৪১ ঊর্ধ্বে এবং ৫ জনের বয়স ৩১ ঊর্ধ্বে। করোনা ইউনিটে চিকিৎসাধীন ৪১৮ রোগীর মধ্যে ১৯৫ জনের করোনা পজিটিভ রয়েছে। উপসর্গ নিয়ে ভর্তি আছেন ১৬০ জন; যাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও করোনামুক্ত হয়েও পরবর্তী স্বাস্থ্য জটিলাতায় চিকিৎসাধীন ৬৩ জন।

রামেক হাসপাতাল পরিচালক জানান, রাজশাহীতে আবারো বেড়েছে করোনা সংক্রমণ। শনিবার স্থানীয় দুইটি ল্যাবে রাজশাহী জেলার ৪২৮ জনের নমুনা পরীক্ষা করে ১৪০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। যা আগের দিনের চেয়ে ৮ দশমিক ৩৯ শতাংশ বেশি। এদিনের শনাক্তের হার ৩২ দশমিক ৭১ শতাংশ। আগের দিন শুক্রবার করোনা শনাক্তের হার ছিল ২৪ দশমিক ৩২ শতাংশ। এর আগে বৃহস্পতিবার ২২ দশমিক ৮৮ শতাংশ, বুধবার ২৮ দশমিক ৯০ শতাংশ, মঙ্গলবার শনাক্তের হার ২২ দশমিক ৭৬ শতাংশ, সোমবার ২২ দশমিক ৫১ শতাংশ, রবিবার ৩০ দশমিক ৭৮ শতাংশ এবং শনিবার ৪৫ দশমিক শূন্য ৭ শতাংশ ছিল।

ইত্তেফাক/এমআর