অভিজ্ঞতা

মহাসড়কে দুর্ঘটনা

  

আমি তখন সপ্তম শ্রেণিতে পড়ি। আমার বাবা-ই আমাকে কোচিংয়ে আনা-নেওয়া করতেন। কিন্তু সেদিন বাবা অফিসের কাজে কক্সবাজার যাবেন বলে আমাকে আমার বান্ধবীর সঙ্গে কোচিং থেকে বাড়ি ফিরতে বললেন। রাস্তা পার হওয়ার জন্য ওভারব্রিজ ব্যবহার না করে মেইন রোড দিয়ে আমি আর আমার বান্ধবী তাড়াতাড়ি রাস্তা পার হতে গিয়ে ঘটল দুর্ঘটনা। যখন রাস্তা পার হচ্ছি তখনই অপর পাশ থেকে অতি দ্রুত বেগে এলো মোটরসাইকেল। মোটরসাইকেলের ধাক্কায় পড়ে গেলাম। মোটরসাইকেলের চাকা আমার ঘাড়ের কাছে আর হাতে লেগেছে। রক্তে একাকার। বান্ধবী আমাকে দেখে হতবিহ্বল। তারপর লোকজন আমাকে ডাক্তারের কাছে নিয়ে যান। ডাক্তার আমাকে বেশ যত্ন করে ব্যান্ডেজ করে দিয়ে বললেন, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে।

কিছুদিন পর ব্যথা চলে গিয়েছিল। কিন্তু দাগ আজো আছে। এখনো সেই ক্ষত চোখে পড়লে ভাবি—কেন আমি রাস্তা পার হওয়ার জন্য ওভারব্রিজ ব্যবহার করলাম না। যদি আমার বড় কোনো ক্ষতি হতো। আমার জীবনের বাস্তব এই অভিজ্ঞতা থেকে বলব, সাবধানে চলাচল করা উচিত। রাস্তা পার হতে ঝুঁকি না নিয়ে ওভারব্রিজ ব্যবহার করা বুদ্ধিমানের কাজ।

সুমনা আক্তার জেবা, শিক্ষার্থী, খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজ, ঢাকা