বিনোদন রিপোর্ট
বর্তমানে কলকাতায় অবস্থান করছেন অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা। দেশের ‘অমানুষ’ চলচ্চিত্রের ব্যস্ততা পাশাপাশি সম্প্রতি তিনি ওপার বাংলার ‘মায়া’ শিরোনামের একটি ছবির কাজ শেষ করলেন। এছাড়া গত ঈদে বিভিন্ন মাধ্যমে বেশ কয়েকটি নাটকসহ ‘সাহসিকা’ নামের নতুন একটি ছবিও প্রচার হয়েছে তার। অন্যদিকে তার স্বামী ওপার বাংলার প্রখ্যাত নির্মাতা সৃজিত মুখার্জিও বেশ কয়েকটি নতুন ছবি ও ওয়েব সিরিজের প্রস্তুতি নিয়ে ব্যস্ত সময় পার করছেন। নিজেদের কাজ ও সংসার মিলিয়ে বেশ ভালোই সময় কাটতে তাদের। তবে এরই ভেতরে নতুন এক আড্ডার খবরে শিরোনামে এলেন তারা। সম্প্রতি জনপ্রিয় সংগীতশিল্পী সোনু নিগমের সঙ্গে আড্ডা ও নৈশভোজে অংশ নেন সৃজিত-মিথিলা। নিজেদের আড্ডার বেশকিছু ছবি সৃজিত তার টুইটার ও ফেসবুকে শেয়ার করে বিষয়টি নিশ্চিত করেছেন। যে ছবিগুলোতে সস্ত্রীক সোনু নিগম ও সৃজিত-মিথিলা দম্পতিকে দেখা গেছে। ছবির ক্যাপশনে সৃজিত লিখেছেন, ‘স্মৃতিবিজড়িত গান, আড্ডা আর অসাধারণ নৈশভোজ হলো সবসময়ের ফেভারিট সোনু নিগমের সঙ্গে।’ ছবিগুলো প্রকাশ্যে আসতেই সকলের মাঝে জোর গুঞ্জন ছড়িয়েছে সৃজিতের বলিউড সিনেমার প্রস্তুতির অংশ হিসেবে এই আড্ডার আয়োজন করেন তারা। তবে এ বিষয়ে সৃজিত-মিথিলা কোনো মন্তব্য করেননি।