ভারতের উত্তরপ্রদেশে বিজেপির (ভারতীয় জনতা পার্টি) এক বিধায়ককে রাস্তায় জমে থাকা পানিতে খালি পায়ে হাঁটিয়েছেন গ্রামবাসীরা। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে রাজ্যের হাপুরে গড়মুক্তেশ্বর এলাকার ঢোলপুর গ্রামে। সম্প্রতি ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
জানা গেছে, এলাকায় উন্নয়ন হওয়ার আশায় গত বিধানসভা নির্বাচনে কমল সিং মালিক নামে বিজেপির ওই বিধায়ককে জিতিয়েছিল জনতা। কিন্তু ভোটে জয়ের পর আর গ্রামের দিকে আসেননি তিনি। এই সময়ের মধ্যে ড্রেনেজ সিস্টেমসহ একাধিক সমস্যায় বিরক্ত এলাকাবাসী।
Infuriated over flooded street with filthy water, in #Hapur, local residents of Dholpur under Gadmukteswar area forced the local BJP MLA to walk in the same. The MLA had visited the village as part of his ' पद यात्रा' ahead of assembly election.#UttarPradesh pic.twitter.com/NdSX5VA17n
— Arvind Chauhan (@Arv_Ind_Chauhan) July 30, 2021
২০২২ সালের শুরুর দিকে রাজ্যের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেই উপলক্ষে এলাকাটিতে পদযাত্রা কর্মসূচিতে এসেছিলেন ওই বিধায়ক। এসেই নোংরা পানির মধ্যে হাঁটতে হলো তাকে। গ্রামবাসী যেন উচিত শিক্ষা দিলেন।
ভিডিও ফুটেজে দেখা যায়, পাঞ্জাবি-পায়জামা পরা বিজেপি বিধায়ক কমল সিং মালিককে হাত ধরে পানি জমে থাকা রাস্তায় টেনে নিয়ে যাচ্ছেন এলাকাবাসী। একটি কণ্ঠস্বরকে বলতে শোনা যায়, ‘দেখুন বিধায়ক পানি জমে থাকা রাস্তায় হাঁটছেন। কী করবেন! ওনি এলাকায় এতো দিন কোনো কাজ করেননি যে।’
এদিকে, নেটিজেনদের অনেকেই গ্রামবাসীদের অভিনব পদক্ষেপে সমর্থন জানিয়েছেন। একজন লিখেছেন, ‘জনপ্রতিনিধিদের কাছে এভাবেই কাজের হিসাব চাওয়া উচিত।’
ইত্তেফাক/টিএ