শামুকখোলের অভয়াশ্রম কিশোরগঞ্জ থানা চত্বর

কিশোরগঞ্জ (নীলফামারী) সংবাদদাতা

কিশোরগঞ্জ উপজেলা সদর ইউনিয়নের স্থানীয় বাসিন্দাদের সকালের ঘুম ভাঙে পাখির ডাক আর ডানা ঝাপটানোর শব্দে। থানা চত্বর ও বাজারের একটি অংশের গাছে গাছে হাজার হাজার শামুকখোল পাখি বাসা বেঁধেছে। এখানে বংশ বৃদ্ধি করে চলেছে এই পাখিগুলো। উপজেলায় চার বছর আগে গাছে শামুকখোল পাখি বাসা বাঁধতে শুরু করে। প্রথম দিকে আসা যাওয়া করতে থাকলেও এখন তারা স্থায়ীভাবে বসবাস শুরু করেছে। নিয়মিত প্রজননের মাধ্যমে বংশ বৃদ্ধিও করছে। খুব ভোরে এরা খাদ্যের সন্ধানে দল বেঁধে উড়ে বেড়ায়। সন্ধ্যার আগেই আবার নীড়ে ফিরতে শুরু করে। বর্তমানে এখানে পাখির সংখ্যা প্রায় ৫ হাজার। শুধু এলাকাবাসী নয়, উপজেলা পরিষদ এবং কিশোরগঞ্জ থানার পুলিশসহ এলাকার সবাই পাখি সংরক্ষণের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

নীলফামারী প্রাণিসম্পদ বিভাগ সূত্র মতে, এশিয়ার কয়েকটি দেশে যেমন ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কায় আগে প্রচুর পরিমাণে শামুক খোল পাখি দেখা গেছে। বিগত কয়েক বছর ধরে এদের সংখ্যা কমে এসে আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছেছে। উপযুক্ত আবহাওয়া, পরিমিত খাবার জোগান আর নিরাপত্তা থাকলে এরা সাধারণত কোনো এক জায়গা থেকে নড়ে না। বাংলাদেশে এরা এক সময় সক্রিয়ভাবে প্রজনন করলেও এখন খুব কম সংখ্যায় প্রজনন করতে দেখা যায়। শ্রীলঙ্কায় এখন আর এরা প্রজনন করে না। ভারতেও প্রচণ্ড গরম থাকলে এরা প্রজনন বন্ধ রাখে। এরা হাওর-বাঁওড়, বিল, মিঠা পানির জলাধার ও নদীর ধারে এবং ধানের খেতে হেঁটে হেঁটে কাদায় ঠোট ডুবিয়ে শামুক-ঝিনুক আর গুগলি খেয়ে থাকে। বর্ষাকালের শেষ দিকে এদের প্রজনন শুরু হয়।

সূত্র মতে, কিশোরগঞ্জ উপজেলা শহরে বর্তমানে যে পাখি দেখা যাচ্ছে, এরা এখানে মূলত অভয়াশ্রম মনে করে নিয়েছে। যার জন্য এই জায়গাকে নিরাপদ মনে করায় তারা বংশ বৃদ্ধি করছে। কিশোরগঞ্জ থানার ওসি আব্দুল আউয়াল বলেন, কিশোরগঞ্জ থানা চত্বরে শামুকখোল পাখিগুলো তিন-চার বছর ধরে বসবাস করে আসছে। পাখিগুলোকে কেউ যাতে বিরক্ত করতে না পারে সেজন্য নীলফামারী পুলিশ সুপারের নির্দেশনা মোতাবেক বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ফলে থানা চত্বরের ভেতর ও বাইরে একাধিক গাছে শামুক খোল পাখিরা তাদের স্থায়ী ঠিকানা খুঁজে পেয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকসানা বেগম বলেন, পাখিগুলোকে কেউ যাতে বিরক্ত না করে, সেজন্য সাইনবোর্ড লাগিয়ে মানুষকে সচেতন করার পাশাপাশি পাখি শিকার না করার জন্য মাইকিং করা হয়েছে।