ইত্তেফাক ডেস্ক
বিভিন্ন স্থানে রবিবার সড়ক দুর্ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে। ইত্তেফাক সংবাদদাতাদের পাঠানো খবর।
চন্দনাইশ (চট্টগ্রাম) : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ বুলারতালুক এলাকায় রবিবার ভোরে চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী মাইক্রোর সঙ্গে বিপরীতগামী মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। নিহত হলেন মাইক্রোচালক কক্সবাজারের খুটাখালী গ্রামের ছৈয়দ আলমের ছেলে মো. আবছার (২৫)। দুর্ঘটনায় আহত হয়েছেন মাইক্রোবাসের চার যাত্রী। দোহাজারী হাইওয়ে থানার ইনচার্জ আবদুর রউব দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নগরকান্দা (ফরিদপুর) : নগরকান্দায় রবিবার সকালে বাসের ধাক্কায় মোটরসাইকেলের চালকের মৃত্যু হয়েছে। দুঘটনায় আহত হয়েছেন শিশুসহ দুই জন। নিহত ব্যক্তি বাগেরহাট জেলা সদরের সাহেবাহার গ্রামের একরাম আলীর ছেলে কবিরুল ইসলাম (৩২)। ঢাকা-খুলনা বিশ্ব রোডের উপজেলার জয়বাংলা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হাইওয়ে থানার ওসি ওমর ফারুক বলেন, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে।
মহেশপুর (ঝিনাইদহ) : মহেশপুরে রবিবার সড়ক দুর্ঘটনায় আহত এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। নিহত হলেন উপজেলার রাখালভোগা গ্রামের পাচু মন্ডলের ছেলে সাইদুল ইসলাম (৬৫)। শনিবার বিকালে রাখালভোগা বাসস্ট্যান্ড মোড় ঘোরার সময় জীবননগরগামী একটি মোটরসাইকেল ধাক্কা দিলে তিনিসহ দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে প্রথমে জীবননগর হাসপাতাল ও পরে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার ভোরে ভ্যানচালক সাইদুল ইসলামের মৃত্যু হয়। মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করেছেন।