কুলাউড়া হাসপাতালে করোনা চিকিত্সাসামগ্রী প্রদান

কুলাউড়া (মৌলভীবাজার) সংবাদদাতা

কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড-১৯ আক্রান্ত রোগীদের সেবা প্রদানে ১০ শয্যাবিশিষ্ট কোভিড-১৯ আইসোলেশন ইউনিটের জন্য ওষুধপত্রসহ মেডিক্যালসামগ্রী প্রদান করেছেন কুলাউড়ার কৃতি সন্তান ইষ্ট কোষ্ট গ্রুপের চেয়ারম্যান আজম জে চৌধুরী। শনিবার বিকালে তার প্রয়াত সহধর্মিণী মেরিনা ইয়াসমিন চৌধুরীর স্মরণে ১৫ লাখ টাকা মূল্যের ওষুধপত্রসহ চিকিত্সাসামগ্রী কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তারের হাতে হস্তান্তর করেন।

কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তারের সভাপতিত্বে ও আবাসিক মেডিক্যাল অফিসার ডা. জাকির হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে আজম জাহাঙ্গীর চৌধুরী বলেন আমার প্রয়াত সহধর্মিণী জীবদ্দশায় অনেক সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। তার স্মরণে কুলাউড়া হাসপাতালে অত্যাধুনিক অক্সিজেন কন্সেনটেটর ও পালস অক্সিমিটারসহ প্রয়োজনীয় মেডিক্যাল ইকুইপমেন্ট ও ওষুধ প্রদান করেছি। তিনি প্রয়োজনে ১০ শয্যার করোনা ইউনিটকে ২০ শয্যায় উন্নীত করলে সেক্ষেত্রে সব ধরনের ইকুইপমেন্ট সরবরাহের আশ্বাস প্রদান করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম ফরহাদ চৌধুরী, কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায় প্রমুখ। উপস্থিত ছিলেন ইষ্ট কোষ্ট গ্রুপের পরিচালক দিলরুবা চৌধুরী, সিইও মাসুদুর রহিম, ব্যারিষ্টার চৌধুরী তানজিম করিম, হাসপাতালের ডাক্তার, কর্মকর্তাবৃন্দ।