আনারস, কাঁঠাল, কলা ইত্যাদির জন্য বিখ্যাত গারোবাজার। টাঙ্গাইল জেলার মধুপুর এবং ঘাটাইল এই দুই উপজেলায় মধ্যে এর অবস্থান। পাহাড়ি জনপদের মানুষের ভাগ্যের উন্নয়নে এ বাজারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাজারের আশেপাশের চার-পাঁচ কিলোমিটারের মধ্যে বসবাসরত মানুষের প্রায় সবার কাজকর্ম এ বাজারকে কেন্দ্র করে। কিন্তু এ কার্যক্রম ব্যাহত হচ্ছে একটি রাস্তা সংস্কারের অভাবে। রাস্তাটি বাজারের কেন্দ্রস্থল চৌরাস্তা থেকে পূর্বদিকে সোজা চলে গেছে বিভাগীয় শহর ময়মনসিংহে। মালামাল এবং যাত্রী পরিবহন ছাড়াও জরুরি রোগীকেও এ রাস্তা দিয়েই যেতে হয় ময়মনসিংহ শহরে। রাস্তার অধিকাংশ জায়গা খানাখন্দে ভরপুর। বাজার দিক থেকে শুরুর অংশটির অবস্থা খুবই খারাপ। সামান্য বৃষ্টি হলেই হাঁটু পর্যন্ত পানি ওঠে। তখন হেঁটে যাওয়াই মুশকিল। যার ফলে গারোবাজার এবং আশেপাশের এলাকাবাসীর দুর্ভোগ থেকে মুক্তি মিলছে না। তাছাড়া প্রায়ই ছোটখাটো দুর্ঘটনার কবলে পড়ছে এ রাস্তার যানবাহন। এ অবস্থায়, রাস্তাটির সংস্কার অতীব জরুরি। বিষয়টির প্রতি যথাযথ কর্তৃপক্ষের কাছে বিনীত আবেদন জানাচ্ছি।
মো. জাহিদুল ইসলাম, গারোবাজার, মধুপুর, টাঙ্গাইল