সারা দেশে করোনার টিকা দেওয়া শুরু হয়েছে এবং একইসঙ্গে সাধারণ মানুষের মধ্যেও টিকা নেওয়ার ব্যাপারে আগ্রহ বাড়ছে। এর ফলে সরকারি হাসপাতালে শত শত নারী-পুরুষের ভিড় লেগেই আছে। এভাবে করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া বয়স্ক ব্যক্তিরা অনেকেই ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে টিকা নিতে গিয়ে অসুস্থ হয়ে পড়ছেন। যেহেতু পূর্বনিবন্ধন ছাড়াই জাতীয় পরিচয়পত্র দেখিয়ে টিকা নেওয়ার ব্যবস্থা করা হয়েছে, তাই প্রতিটি ওয়ার্ডে প্রথম সপ্তাহে এক থেকে তিন দিনে প্রথম ডোজ এবং এক মাস পর আবার এক থেকে তিন দিনে দ্বিতীয় ডোজ টিকা দান কর্মসূচির ব্যবস্থা করা হলে ভিড় ও সংক্রমণের ঝুঁকি এড়িয়ে টিকা গ্রহণ সহজ হবে। আশা করি, সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
বিপ্লব বিশ্বাস, ফরিদপুর