শ্রীপুরে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা

গাজীপুরের শ্রীপুরে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ পারভেজ হোসেন (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার রাত পৌনে ১২টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের ডোমবাড়িচালা গ্রামের সাতচুঙ্গিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে র্যাব। নিহত পারভেজ উপজেলার কাওরাইদ ইউনিয়নের জাহাঙ্গীরপুর গ্রামের সিরাজ উদ্দিন ওরফে কালা মিয়ার ছেলে। র্যাব বলছে, পারভেজ একজন মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে বিভিন্ন ধারায় ২০টি মামলা রয়েছে। র্যাব-১-এর সহকারী পুলিশ সুপার মুশফিকুর রহমান তুষার বলেন, সাতচুঙ্গিরপাড় কয়েক জন মাদক ব্যবসায়ী ইয়াবা কেনাবেচা করছে—এমন তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল সেখানে অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা গুলি চালালে আত্মরক্ষার্থে র্যাব সদস্যরাও পালটা গুলি চালান। এক পর্যায়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে গেলে সেখানে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে পড়ে থাকতে দেখা যায়। উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।