স্পোর্টস রিপোর্টার
আইসিসির টি-২০ র্যাংকিংয়ে ১০ নম্বরে বাংলাদেশ। সাত নম্বরে থাকা আফগানিস্তান সরাসরি টি-২০ বিশ্বকাপ খেলবে। যেখানে প্রথম রাউন্ড খেলতে হবে বাংলাদেশকে। এ ফরম্যাটে ১০২ ম্যাচে জয় মাত্র ৩৪টি। তারপরও খুদে সংস্করণে বাংলাদেশকে খারাপ দল মানতে নারাজ রাসেল ডমিঙ্গো।
তার মতে, বাংলাদেশ টি-২০ তে ভালো দল। উন্নতির জায়গা আছে। নেতিবাচক সমালোচনা ক্রিকেটাদের ওপর প্রভাব ফেলে। তাই গণমাধ্যমের প্রতি বাংলাদেশের হেড কোচের অনুরোধ যেন ইতিবাচক খবর লেখা হয় দলটাকে নিয়ে।
গতকাল ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ডমিঙ্গো বলেছেন, ‘বাংলাদেশ ক্রিকেট দল নিয়ে টানা নেতিবাচক লেখালেখি পড়া খুবই হতাশার। আপনারা কেন বলেন যে টি-২০ তে আমরা ভালো দল নই, তা আমার বোধের বাইরে। আমার তো মনে হয়, দারুণ সব ক্রিকেটার আছে আমাদের। উন্নতির জায়গা অবশ্যই আছে, তবে ভালো একটি দল হয়ে ওঠার উপকরণও আমাদের আছে।’
ক্যারিবিয়ানদের মতো শারীরিক সামর্থ্যের ক্রিকেটার না থাকলেও বাংলাদেশ দলে দক্ষ ব্যাটসম্যান আছে বলেই জানান এ প্রোটিয়া কোচ। গণমাধ্যমে ইতিবাচক প্রতিবেদন, দলের প্রতি সমর্থন চেয়েছেন তিনি।
গতকাল ডমিঙ্গো বলেছেন, ‘আমি সংবাদমাধ্যমকে অনুরোধ করব দল নিয়ে আরেকটু ইতিবাচক থাকতে, কারণ সবসময়ই নেতিবাচক মন্তব্য দেখা যায় এবং কখনো কখনো তা খুব ক্লান্তিকর।’
তিনি আরো বলেন, ‘আমি মোটেও মনে করি না, আমরা খারাপ টি-২০ দল। দুর্দান্ত কিছু টি-২০ ক্রিকেটার আমাদের আছে। ওদের পাশে থাকলে ও সমর্থন দিলে, ওদেরকে নিয়ে ইতিবাচক থাকলে এই দলও উল্লেখযোগ্য শক্তি হয়ে উঠবে। আমরা জানি, আমাদের উন্নতি করতে হবে এবং সেটার প্রক্রিয়াও আছে। গত এক বছরে খুব বেশি টি-২০ খেলিনি। নিউজিল্যান্ডে টি-২০ সিরিজে পারফরম্যান্স হতাশাজনক ছিল, তবে জিম্বাবুয়েতে আমরা ভালো খেলেছি এবং আশা করছি, এই সিরিজে ইতিবাচক কিছু পাব।’