স্পোর্টস রিপোর্টার
অতিথি হলেও বাংলাদেশের আঙিনায় নিজেদের ইচ্ছে-দাবিকে বাস্তবে রূপ দিয়েই সিরিজ খেলতে নামছে অস্ট্রেলিয়া। করোনাকালে তাদের কঠোর নিয়ম-নীতির গ্যাড়াকলে পড়ে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজটাই খেলা হচ্ছে না মুশফিকুর রহিমের। ঘরের মাঠে এমন গুরুত্বপূর্ণ সিরিজে তার মতো অভিজ্ঞ মিডল অর্ডার ব্যাটসম্যানকে না পাওয়া বাংলাদেশের জন্য বড় ক্ষতি বটে।
তবে মুশফিকের বিষয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার অনড় অবস্থানে হতাশ হয়েছেন বাংলাদেশের হেড কোচ রাসেল ডমিঙ্গো। মাত্র দুই দিন পর জৈব সুরক্ষা বলয়ে ঢুকতে চেয়েছিলেন মুশফিক। কিন্তু রাজি হয়নি সফরকারীরা। তাই সিরিজের বাইরে মুশফিক।
গতকাল ভার্চুয়াল সংবাদ সম্মেলনে মুশফিককে নিয়ে অস্ট্রেলিয়ার অবস্থান প্রসঙ্গে বিরক্তিই ফুটে উঠেছে ডমিঙ্গোর কণ্ঠে।
অস্ট্রেলিয়ার শর্ত ছিল ১০ দিন আগে থেকে সুরক্ষা বলয়ে থাকতে হবে। নির্ধারিত সময় বলয়ে প্রবেশ করতে পারেননি মুশফিক। বাংলাদেশের হেড কোচ গতকাল বলেছেন, ‘মুশফিকের বলয় নিয়ে অস্ট্রেলিয়ার অমন কঠোর অবস্থানের বিষয়টি আমার বোধগম্য হচ্ছে না। আমি মনে করি, ১০ দিন নিশ্চিতভাবেই যথেষ্ট। এই বিষয়ে তারা যা করেছে তাতে আমি খুবই হতাশ।’
তবে মুশফিকের অনুপস্থিতিতে তরুণদের জন্য সুযোগ দেখছেন বাংলাদেশের কোচ। গতকাল ডমিঙ্গো বলেছেন, ‘আমরা বিশ্বের সেরা দলের বিরুদ্ধে খেলতে যাচ্ছি। দুয়েক জন তরুণ খেলোয়াড় কিংবা দলে নিয়মিত হতে লড়াই করা কারো জন্য এটা খেলার একটা সুযোগ। ওদের সামর্থ্য নিয়ে আমি নিশ্চিত। মুশফিকের অনুপস্থিতি অবশ্যই বড় ক্ষতি, কিন্তু আমাদের স্কোয়াড অনেক বড় এবং সেখানে তার বদলি হওয়ার জন্য কয়েক জন মানসম্পন্ন খেলোয়াড় আছেন।’
বাবা-মা অসুস্থ হয়ে পড়ায় জিম্বাবুয়ে সফরের মাঝপথে দেশে ফিরে এসেছিলেন মুশফিক। ওয়ানডে, টি-২০ না খেলে ফেরা এ ক্রিকেটার সময়মতো সুরক্ষা বলয়ে প্রবেশ করতে পারেননি। তাই খেলা হলো না টি-২০ সিরিজটিও।