বরিশাল অফিস ও উজিরপুর সংবাদদাতা
উজিরপুরে বামরাইল ইউনিয়ন আওয়ামী লীগের মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক ও কৃষকলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন তালুকদারকে কুপিয়ে নির্মমভাবে হত্যার ঘটনায় হত্যাকারীদের ফাঁসির দাবিতে ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকাল ৪টায় ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার সানুহার বাস স্ট্যান্ডে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গৌরাঙ্গ লাল কর্মকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান কবিরের সঞ্চালনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তৃতা করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল আউয়াল হাওলাদার, শাহজাহান সরদার, আয়নাল হক হাওলাদার প্রমুখ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শেখ লকিতুল্লাহ, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মাইনুল ইসলাম, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. রিয়াদ সরদার, ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক জালাল গাজী, ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক খোকন হাওলাদার, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলামিন খলিফা, যুবলীগের আহ্বায়ক পলাশ তালুকদার প্রমুখ। মানববন্ধন শেষে নিহত বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন তালুকদারের রুহের মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা আয়নাল হক হাওলাদার। এ সময় মানববন্ধনে অংশগ্রহণকারী বক্তারা হত্যাকারীদের দ্রুত গ্রেফতারপূর্বক ফাঁসির দাবি জানান।
উল্লেখ্য, ২৯ জুলাই বৃহস্পতিবার সকাল ৭টায় উপজেলার বামরাইল ইউনিয়নের আটিপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন তালুকদারকে (৭০) প্রকাশ্যে পরিকল্পিতভাবে কুপিয়ে ও পিটিয়ে হত্যা এবং একই পরিবারের চারজনকে উপর্যুপরিভাবে কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়। এই ঘটনায় নিহতের ছেলে তরিকুল ইসলাম জুয়েল বাদী হয়ে ৩২ জনকে আসামি করে ৩১ জুলাই উজিরপুর মডেল থানায় একটি হত্যা মামলা করেন। ইতিমধ্যে চার জনকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেছে পুলিশ।