ডাকাতির পর আরো ২০ লাখ টাকা দাবি

চার জন গ্রেফতার

লক্ষ্মীপুর প্রতিনিধি 

ঈদের ছুটিতে লক্ষ্মীপুর সদর উপজেলার বাইশমারায় ইসলামী ব্যাংকের একটি এজেন্ট ব্যাংকিং শাখা বন্ধ করে যান সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ সুযোগে টয়লেটের ভেনটিলেটর ভেঙে গত ১৯ জুলাই ব্যাংকের ভেতরে প্রবেশ করে একদল ডাকাত। ব্যাংকের ভল্টের তালা কৌশলে খুলে ৩ লক্ষাধিক টাকা নিয়ে পালিয়ে যায় তারা। এখানেই থেমে থাকেনি ডাকাতরা। ঐ শাখার মালিক রেজাউল করিমকে ফোন করে ডাকাতদের পরিচয় দেওয়ার কথা বলে আরো ২০ লাখ টাকাও দাবি করে তারা। পরে অভিযান চালিয়ে ডাকাত দলের চার সদস্যকে গ্রেফতার করেছে লক্ষ্মীপুর র্যাব-১১। এ সময় উদ্ধার করা হয় নগদ টাকাসহ ডাকাতির কাজে ব্যবহূত সরঞ্জাম। 

শনিবার দুপুরে র্যাব-১১ লক্ষ্মীপুর ক্যাম্পে সংবাদ সম্মেলনে ঘটনাটি জানান র্যাব-১১ এর লক্ষ্মীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার, অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন।

তিনি জানান, অভিযোগের ভিত্তিতে প্রযুক্তির সহায়তায় প্রথমে শুক্রবার গভীর রাতে উত্তর তেমুহনী এলাকা থেকে ডাকাত দলের সদস্য রাসেলকে গ্রেফতার করা হয়। তার স্বীকারোক্তি অনুযায়ী ভোররাতে লক্ষ্মীপুর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডস্থ আলার বাড়িতে অভিযান চালিয়ে ডাকাতির মূল হোতা আনোয়ার হোসেন বাবু ও তার বাবা মাঈন উদ্দিনকে গ্রেফতার করা হয়।