পাইকগাছা (খুলনা) সংবাদদাতা
আজ ২ আগস্ট বিশ্ববরেণ্য বিজ্ঞানী স্যার আচার্য প্রফুল্ল চন্দ্রের (পিসি রায়) জন্মদিন। খুলনার পাইকগাছা উপজেলার কপোতাক্ষ তীরের রাড়ুলী গ্রামে ১৮৬১ সালের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন। পিতা হরিশ্চন্দ্র রায় চৌধুরী ও মাতা ভুবন মোহিনী দেবী। পিসি রায় একাধারে শিক্ষাবিদ, শিল্পপতি, রসায়নবিদ, সমাজসেবক, সমবায় আন্দোলনের পুরোধা ও রাজনীতিবিদ ছিলেন। তিনি কলকাতার মানিকতলায় ৮০০ টাকা পুজি নিয়ে বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওষুধ শিল্পকারখানা প্রতিষ্ঠা করেন। বর্তমানে ঐ প্রতিষ্ঠানের বিভিন্ন শাখা প্রশাখায় লাখো কর্মকর্তা-কর্মচারী কর্মরত রয়েছেন। স্যার পিসি রায় দেশের সাতক্ষীরা, বাগেরহাট ও খুলনায় একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান, কাপড়ের মিল এবং জন্মভূমি রাড়লীতে সমবায় ব্যাংক প্রতিষ্ঠা করেন। একাধারে তিনি ২০ বছর কলিকাতার প্রেসিডেন্সি কলেজে রসায়ন শাস্ত্রের সহকারী অধ্যাপক ছিলেন। ব্রিটিশ সরকার তাকে ১৯৩০ সালে নাইট উপাধিতে ভূষিত করেন। এছাড়া একই বছর লন্ডনের ডারহাম বিশ্ববিদ্যালয়, ১৯৩৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়, ভারতের মহিশুর ও বেনারস বিশ্ববিদ্যালয় তাকে সম্মান সূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করে।