বরিশালে বাসদের উদ্যোগে পোশাকশ্রমিকদের দুপুরের খাবারের ব্যবস্থা

বরিশাল অফিস

বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদে ঢাকাগামী পোশাকশ্রমিকদের মধ্যে দুপুরের খাবার বিতরণ করেছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল জেলা কমিটির সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী।

গতকাল রবিবার দুপুর ১টায় ঢাকাগামী কয়েকটি বাসে উঠে পোশাকশ্রমিকদের সঙ্গে কথা বলে এবং তাদের খাবারের সমস্যার কথা চিন্তা করে এই খাবার সকলের হাতে তুলে দেন ডা. মনীষা। এসময় ডা. মনীষা চক্রবর্তী বলেন, শনিবার দিনভর দুর্ভোগ করে ট্রাকে, ভ্যানে এবং পিকআপে করে ঢাকায় পৌঁছাতে হয়েছে শিল্পকারখানার শ্রমিকদের।

রবিবার সকাল থেকে রাজধানীর উদ্দেশ্যে বাসে করে শ্রমিকরা রওনা শুরু করে। সকালে এই শ্রমিকদের হয়রানির প্রতিবাদে আমাদের দলীয় কর্মসূচি শেষে দুপুরে রান্না করা খাবার নিয়ে বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনালে যাই। সেখানে ঢাকাগামী বাসগুলোতে উঠে পোশাকশ্রমিকদের সঙ্গে কথা বলেছি। পথে যাতে তাদের খাবারের সমস্যা না হয় সেই জন্য সকলকে খাবার গ্রহণের অনুরোধ জানাই।

এখানে আমরা আমাদের কার্যক্রম ‘কমিউনিটি কিচেন’-এর মাধ্যমে ২৫০-এর বেশি মানুষকে রান্না করা খাবার দিতে পেরেছি।