৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। গতকাল রবিবার প্রকাশিত এই ফলাফলে উত্তীর্ণ হয়েছেন ২১ হাজার ৫৬ জন। আগামী নভেম্বরে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে পিএসসি। প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল পিএসসির ওয়েবসাইটে (bpsc.gov.bd) পাওয়া যাচ্ছে। তাছাড়া এসএমএস করেও ফল জানতে পারবেন পরীক্ষায় অংশগ্রহণকারীরা।
করোনার প্রকোপ কিছুটা কমে আসায় চলতি বছরের ১৯ মার্চ ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা নেয় পিএসসি। ২০১৯ সালের ২৭ নভেম্বর ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে কমিশন। এতে বিভিন্ন পদে ২ হাজার ১৩৫ জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী সবচেয়ে বেশি নেওয়া হবে শিক্ষা ক্যাডারে। এই ক্যাডারে ৯১৫ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে বিসিএস শিক্ষায় ৯০৫ জন এবং কারিগরি শিক্ষা বিভাগে ১০ জন প্রভাষক নেওয়া হবে। শিক্ষার পর বেশি নিয়োগ হবে প্রশাসন ক্যাডারে। প্রশাসনে ৩২৩ জনকে নিয়োগ দেওয়া হবে।