৫৫ বছর পর ভারতের হলদিবাড়ীর সঙ্গে রেল যোগাযোগ শুরু

দীর্ঘ ৫৫ বছর পর চিলাহাটি-হলদিবাড়ী রেলপথে পুনরায় পণ্যবাহী ট্রেন চলাচল শুরু করেছে। গতকাল রবিবার ভারতীয় উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের ডামডিম স্টেশন থেকে পাথরবোঝাই প্রথম মালবাহী ট্রেন বাংলাদেশে এসেছে। ঢাকার ভারতীয় হাইকমিশন এ তথ্য নিশ্চিত করেছে। হাইকমিশন জানায়, ভারত ও বাংলাদেশের দুই প্রধানমন্ত্রী উভয় দেশের মধ্যে ১৯৬৫ সাল-পূর্ববর্তী সমস্ত রেলসংযোগ পুনরায় কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ, যার জন্য রেলসংযোগটি পুনঃস্থাপিত করার কাজ হাতে নেয় উভয় দেশের রেল মন্ত্রণালয়। গত বছরের ১৭ ডিসেম্বর দুই দেশের প্রধানমন্ত্রী পর্যায়ের ভার্চুয়াল দ্বিপাক্ষীয় শীর্ষ সম্মেলনের সময় উভয় প্রধানমন্ত্রী যৌথভাবে হলদিবাড়ী ও চিলাহাটি রেলসংযোগ উদ্বোধন করেন।

মূলত, এই রেলপথ দিয়ে ভারত থেকে বাংলাদেশে রপ্তানিযোগ্য পণ্যের মধ্যে রয়েছে পাথর ও বোল্ডার, খাদ্যশস্য, তাজা ফল, রাসায়নিক সার, পেঁয়াজ, মরিচ, রসুন, আদা, ফ্লাই অ্যাশ, ক্লে, চুনাপাথর, কাঠ ও টিম্বার। অন্যদিকে বাংলাদেশ থেকে ভারতে সব রপ্তানিযোগ্য পণ্যই অনুমোদিত।

ভারতীয় হাইকমিশন বলছে, চালু হওয়া এই রেলসংযোগ ভারত-বাংলাদেশ রেলযোগাযোগ ও দ্বিপক্ষীয় বাণিজ্যকে শক্তিশালী করবে। এটি আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণসহ এই অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন গতিশীল করতে প্রধান বন্দর ও স্থলবন্দরগুলোতে রেল নেটওয়াার্কের প্রবেশাধিকার বৃদ্ধি করবে।

উল্লেখ্য, ১৯৪৭ সালে দেশভাগের পর ভারত ও তত্কালীন পূর্ব পাকিস্তানের মধ্যে ১৯৬৫ সাল অবধি সাতটি রেলসংযোগ চালু ছিল। হলদিবাড়ী-চিলাহাটি রেলসংযোগও ১৯৬৫ সাল পর্যন্ত কার্যকর ছিল। এটি ভারত ও বাংলাদেশের মধ্যকার পঞ্চম রেলসংযোগ। বর্তমানে ভারত ও বাংলাদেশের মধ্যে চারটি রেলসংযোগ চালু রয়েছে। এগুলো হলো পেট্রাপোল-বেনাপোল, গেদে-দর্শনা, সিংহাবাদ-রহনপুর ও  রাধিকাপুর-বিরল।