বিচারপতি আবু সাঈদ চৌধুরীর মৃত্যুবার্ষিকী আজ

আজ ২ আগস্ট সোমবার মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক রাষ্ট্রপতি, জাতিসংঘ মানবাধিকার কমিশনের সাবেক সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, তদানীন্তন হাইকোর্টের সাবেক বিচারপতি এবং সাবেক অ্যাডভোকেট জেনারেল আবু সাঈদ চৌধুরীর ৩৩তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষ্যে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নাগবাড়ী জামে মসজিদে পবিত্র কোরআনখানির আয়োজন করা হবে। তার সন্তানগণ তার বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের পরম করুণাময় আল্লাহ্র নিকট বিদেহি আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করতে অনুরোধ করেছেন।

বিচারপতি আবু সাঈদ চৌধুরী ১৯৭১ সালের ১৫ মার্চ পাকিস্তানি হানাদার বাহিনীর গুলিবর্ষণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই জন ছাত্র নিহত হওয়ার প্রতিবাদে তাত্ক্ষণিকভাবে উপাচার্যের পদ থেকে পদত্যাগ করেন। পরবর্তী সময়ে প্রবাসী বাংলাদেশ সরকারের বিশেষ প্রতিনিধি হিসেবে মুক্তি সংগ্রামের সপক্ষে বিশ্ব জনমত সংগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ১৯৮৫ সালে তিনি সর্বসম্মতিক্রমে জাতিসংঘ মানবাধিকার কমিশনের সভাপতি নির্বাচিত হন। বিচারপতি চৌধুরী নিখিল বাংলা মুসলিম ছাত্রলীগ এবং কলকাতা প্রেসিডেন্সি কলেজ ছাত্র সংসদের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। ১৯৪৬ সালে তিনি নিখিল ভারত মুসলিম ছাত্র ফেডারেশন ব্রিটেন শাখার সভাপতি নির্বাচিত হন। আশির দশকে স্বৈরাচারবিরোধী আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বিচারপতি আবু সাঈদ চৌধুরী টাঙ্গাইল জেলার বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি ধর্মীয় ও শিক্ষামূলক প্রতিষ্ঠানে বিশেষ অবদান রেখেছেন। তার রচিত ‘প্রবাসে মুক্তিযুদ্ধের দিনগুলি’, ‘মানবাধিকার’, ‘Muslim Family Law in the English Courts’ ‘Human Rights in the twentieth century’ এবং ‘স্বাধীনতার প্রতিশ্রুতি ও অন্যান্য’ নামক পাঁচটি গ্রন্থ রয়েছে।