দোকানপাট বন্ধে ক্ষতি ২৭ লাখ কোটি টাকা!

করোনার সংক্রমণ রোধে চলমান কঠোর বিধিনিষেধ শেষ হবে ৫ আগস্ট বৃহস্পতিবার। এরপর বিধিনিষেধ তুলে দিয়ে সব দোকান, ব্যবসাপ্রতিষ্ঠান ও বিপণিবিতান খুলে দেওয়ার দাবি করেছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। গতকাল রবিবার রাজধানীর নিউ মার্কেটে সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন সমিতির নেতৃবৃন্দ।

দোকান মালিক সমিতির সভাপতি হেলালউদ্দিন বলেন, ২০২০ সালে করোনার সংক্রমণ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত মোট ২৭০ দিন দোকানপাট বন্ধ ছিল। আর সব মিলিয়ে গত দেড় বছরে ব্যবসায়ীদের ক্ষতি হয়েছে ২৭ লাখ কোটি টাকা।

সমিতির তথ্যানুসারে, বাংলাদেশে ৫৫ লাখ ক্ষুদ্র ও অতিক্ষুদ্র ব্যবসায়ী আছেন। এই খাতে কর্মচারী আছেন ২ কোটির বেশি। এই পরিস্থিতিতে তারা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তেমনি এই খাতসংশ্লিষ্ট অন্যরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ১৮ মাসে ৯টি খাতে ৩ লাখ ৩৮ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে। এর মধ্যে বাংলাদেশ দোকান মালিক সমিতির ৫৩ লাখ ৭২ হাজার ৭১৬টি দোকানের ক্ষতির পরিমাণ ২ লাখ ৭০ হাজার কোটি টাকা। বাংলাদেশ বস্ত্র ব্যবসায়ী সমিতির দেড় লাখ দোকানের ক্ষতি ২০ হাজার ৫০০ কোটি টাকা, বাংলাদেশ টাইলস ব্যবসায়ী সমিতির ১২ হাজার দোকানের ক্ষতি ১৫ হাজার কোটি টাকা। বাকি ক্ষতি হয়েছে অন্য ছয়টি সমিতির।

আগামী শুক্রবার থেকে দোকান খোলার দাবির পাশাপাশি মালিক সমিতি চার দফা দাবি পেশ করেছে। এর মধ্যে আছে দেশ জুড়ে টিকা প্রদানের ব্যবস্থা করা, মাস্ক পরিধান নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োগ এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নগদ প্রণোদনা দেওয়া। মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি না মানলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লাঠিচার্জ করার অনুমোদন দেওয়ারও দাবি জানান তারা।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন দোকান মালিক সমিতির মহাসচিব জহিরুল হক ভূঁইয়া, ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি রফিউজ্জামান, বাংলাদেশ টাইলস ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গোলাম রসুল বেলালসহ অন্যরা।