এক কোটি টাকার হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক

রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী রেলগেট এলাকা থেকে এক কেজি হেরোইনসহ মাদক সম্রাট মেহেদী হাসান তুষারকে আটক করেছে র‌্যাব-৫। যার বাজার মূল্য প্রায় ১ কোটি টাকা। রবিবার (১ আগস্ট) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫ এর একটি দল বিকেল ৩ টার দিকে আড়ানী রেলগেট এলাকা থেকে তাকে আটক করে।

আটককৃত মেহেদী হাসান তুষার এর বাড়ী পুঠিয়া উপজেলার বিড়ালদহ পশ্চিমপাড়া গ্রামে। তার পিতার নাম ছাইদুল ইসলাম বলে জানা গেছে। র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে , রবিবার বাঘা উপজেলার আড়ানী রেলগেট থেকে মাদক সম্রাট মেহেদী হাসান তুষার (৩২) কে এক কেজি হেরোইনসহ গ্রেফতার করা হয়েছে। মেহেদি মাদক বিক্রয়ের উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিল বলে জানায় র‌্যাব।

তার কাছ থেকে ১ কেজি হেরোইন, ১টি মোবাইল, ১টি সীমকার্ড, ১টি মেমোরিকার্ড জব্দ করা হয়। এ ঘটনায় চারঘাট থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। 

স্থানীয় লোকজন জানান, মাদক সম্রাট মেহেদী হাসান তুষার দীর্ঘদিন ধরে ফেন্সিডিল, ইয়াবা ও  হেরোইন ব্যবসা করে আসছে। 

ইত্তেফাক/এসআই