কক্সবাজারের উখিয়ায় অপহৃত রোহিঙ্গা আব্দুল্লাহসহ গুলিবিদ্ধ অবস্থায় দুই যুবককে উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন। রবিবার (১ আগস্ট) দিনগত রাত ৯টার দিতে উখিয়ার কুতুপালং নৌকার মাঠ রোহিঙ্গা ৭ নম্বর শিবিরের ডি-ব্লকের আবু সৈয়দ প্রকাশ আব্দুল্লাহকে অপহরণ করে রোহিঙ্গা সন্ত্রাসীরা।
এ সময় বাধা দিতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে আহত হন পার্শ্ববর্তী রোহিঙ্গা এনামুল হাসান (৩৭)। পরে শিবিরে রোহিঙ্গাদের সহযোগিতায় পুলিশ ব্লক রেইড অভিযান চালিয়ে ৪ ঘণ্টা পর অপহৃত আব্দুল্লাহকে গুলিবিদ্ধ আহত অবস্থায় উদ্ধার করে।
আহত দুই রোহিঙ্গা পার্শ্ববর্তী শিবিরের তুর্কী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার ১৪ এপিবিএন অধিনায়ক এসপি মো. নাইমুল হক।
তিনি জানান, ৪ ঘণ্টা ধরে শ্বাসরুদ্ধকর অভিযান চালালে রোহিঙ্গা সন্ত্রাসীরা ভীত হয়ে সোমবার (২ আগস্ট) দিবাগত রাত ১ টার দিকে রোহিঙ্গা শিবির ৮ ইষ্টের সংযোগ স্থলে খালের পাড়ে অপহৃতকে রেখে পালিয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় অপহৃত আব্দুল্লাহকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। একজনের বাম ও অপরজনের ডান পায়ে গুলির আঘাত রয়েছে।
এসপি নাইমুল বলেন, সন্ত্রাসীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
ইত্তেফাক/এমএএম