হোমনা পৌরসভার ড্রেন নির্মাণকাজে ধীরগতি

হোমনা (কুমিল্লা) সংবাদদাতা

ধীরগতিতে চলছে হোমনা পৌরসভা থেকে তিতাস নদী পর্যন্ত ৯৮০ মিটার ড্রেন ও পানি সরবরাহের পাইপলাইনের নির্মাণকাজ। এতে দুর্ভোগে পড়েছেন পৌরবাসী। সরেজমিনে হোমনা-দুলালপুর সড়কে দেখা যায়, ড্রেন নির্মাণের জন্য এক্সকাভেটর দিয়ে মাটি উত্তোলন করে গর্ত করে ফেলে রাখা হয়েছে। ড্রেন নির্মাণকাজ বাস্তবায়নের দায়িত্বে থাকা নাজমুল ইসলাম বলেন, লকডাউনে পাথর আমদানি করতে না পারায় কাজ সামান্য বিলম্ব হচ্ছে। পৌর উপসহকারী প্রকৌশলী মো. জহির উদ্দিন জানান, এই সপ্তাহের মধ্যেই কাজ শুরু হবে। পৌর মেয়র অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম জানান, ঠিকাদার নির্মাণকাজ দেরি করছে। তাদেরকে তাগিদ দেওয়া হচ্ছে।