সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা
শ্রাবণের বৃষ্টিপাতে সৈয়দপুরের নদী-নালা ও জলাশয় ভরে গেছে। ফলে সর্বত্র মাছ ধরার ধুম পড়েছে। গত রবিবার সারারাত ও সোমবার টানা বৃষ্টিপাতের ফলে দীর্ঘ দিনের খরা কেটে যায়। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে নানা উপকরণ দিয়ে মাছ ধরতে দেখা যায়। উপজেলার কামারপুকুর ইউনিয়নের কৃষক আনছারুল ইসলাম জানান, খরার পর এই বৃষ্টি কৃষিতে উপকার হয়েছে। সৈয়দপুর উপজেলা কৃষি কর্মকর্তা শাহিনা বেগম জানান, বৃষ্টিপাতের ফলে কৃষকরা আমন চাষে খেতে নেমে পড়েছেন। সৈয়দপুর উপজেলা সিনিয়র মত্স্য কর্মকর্তা সানি খান মজলিশ জানান, বৃষ্টিপাতের ফলে অনেকের পুকুরে চাষ করা মাছ ভেসে গেছে।