স্টাফ রিপোর্টার, রাজশাহী
রাজশাহীর পুঠিয়ায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এক জনের মৃত্যু হয়েছে। রবিবার রাত দেড়টায় ঢাকা-রাজশাহী মহাসড়কের পুঠিয়া উপজেলার বিড়ালদহ-মাইপাড়ায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শফিকুল মোল্লা মাইক্রোবাসের চালক ও পাবনা সদর উপজেলার জোতগড়-জালালপুরের শহীদ মোল্লার ছেলে। পবা হাইওয়ে থানার (শিবপুরহাট) ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) রবিউল আজম বলেন, মাইক্রোচালকের লাশ পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পুঠিয়া থানায় ইউডি মামলা হয়েছে।
মনিরামপুর (যশোর) সংবাদদাতা জানান, উপজেলার কালীবাড়ি টু মোহনপুর সড়কের কালীবাড়ী বাজারে রবিবার রাত ১০টার দিকে নসিমনের সংঘর্ষে মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো দুই জন। নিহত কামাল উপজেলার খাটুয়াডাঙ্গা গ্রামের হজরত আলীর ছেলে। আহতরা মনিরামপুর হাসপাতালে ভর্তি হয়েছে। মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।