জীবননগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

জীবননগর (চুয়াডাঙ্গা) সংবাদদাতা

জীবননগরে বজ্রপাতে আবু সুলতান (৪৮) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে উপজেলার হরিপুর গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। নিহত সুলতান হরিপুর গ্রামের মৃত কলিম উদ্দিনের ছেলে। ৪ নম্বর সীমান্ত ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল কাদের জানান, সুলতান মাঠে ধানের খেতে আগাছা পরিষ্কার করছিলেন। সে সময় বৃষ্টি শুরু হলে হঠাত্ বজ্রপাতে সুলতান আহত হন। অন্য কৃষকরা তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। জীবননগর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা রেকর্ড করা হবে।