ভারী বৃষ্টিতে পানির নিচে পাইকগাছার বিস্তীর্ণ এলাকা

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা

ভারী বৃষ্টিতে পাইকগাছায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গত কয়েক দিনের ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে চিংড়ি ঘের, রাস্তা-ঘাট, আমনের বীজতলা, পানের বরজসহ ফসলি জমি। ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক কাঁচা ঘরবাড়ি। পৌরসভাসহ উপজেলার ১০টি ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা তলিয়ে গেছে। অধিকাংশ এলাকার পানি নিষ্কাশনের ড্রেন বন্ধ ও সংকুচিত হওয়ায় পানি খুব ধীরে নিষ্কাশিত হচ্ছে। সেই সঙ্গে সোমবার আবারও বৃষ্টি শুরু হয়েছে। এছাড়া উপজেলার রাড়ুলীর জেলে পল্লির অবস্থা আরো ভয়াবহ। একদিকে জোয়ারের পানি অন্যদিকে অতিবৃষ্টির পানির চাপে পল্লির কয়েকটি কাঁচা ঘর ভেঙে কপোতাক্ষ নদীগর্ভে ভেসে যায়। বৃষ্টির পরও সেখানকার অনেক পরিবার এখনো ঝুঁকির মধ্যে রয়েছে।

রাড়ুলী ইউপি চেয়ারম্যান আ. মজিদ গোলদার জানান, গত মঙ্গলবার থেকে সোমবার পর্যন্ত অবিরাম ভারী বৃষ্টিতে তার ইউনিয়নের বেশ ক্ষয়-ক্ষতি হয়েছে। মত্স্য ঘেরের পাশাপাশি নিচু এলাকার বীজতলার ক্ষতিসাধন হয়েছে। জেলে পল্লির অনেক কাঁচা ঘর ধসে পড়েছে।