ঘোড়াঘাট (দিনাজপুর) সংবাদদাতা
শ্রাবণের মাঝামাঝি সময়ে দিনাজপুরের ঘোড়াঘাটে কৃষকরা আমন আবাদে ব্যস্ত হয়ে পড়েছেন। এবার আমন মৌসুমে শুরু থেকেই দেশে বৃষ্টির পরিমাণ কম। শ্রাবণ মাসে শুরুতে তেমন বৃষ্টিপাত না হলেও ঘোড়াঘাটের কৃষকরা সেচের পানি দিয়ে তাদের উঁচু জমিগুলো আগেই রোপণ শেষ করেছে। বর্তমানে নিচু জমি থেকে পানি শুকিয়ে যাওয়ায় কৃষকরা তড়িঘড়ি আমন চাষে শুরু করেছে। খালবিল অথবা শ্যালো মেশিনের পানি সেচ দিয়ে কৃষকরা আমন চাষ শেষ করায় ব্যস্ত হয়ে পড়েছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা এখলাছ হোসেন সরকার জানান, চলতি আমন মৌসুমে এ উপজেলায় মোট ১১ হাজার ৫১৬ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ধান উত্পাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় ২৯ হাজার ৬০০ মেট্রিক টন। এ পর্যন্ত ঘোড়াঘাট উপজেলায় শতকরা ৭০ ভাগ জমি রোপণ করা হয়েছে। বৃষ্টির পানির অভাবে ধান রোপণ করতে হিমশিম খাচ্ছেন কৃষকরা।