সংবাদ সংক্ষেপ

লকডাউন অমান্য করায় জরিমানা

হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতা লকডাউন অমান্য করে দোকান খোলা রাখায় ৯ মামলায় ৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার সকালে উপজেলা সদরের ওছখালী বাজারে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি সজীব কান্তি রুদ্র। এ সময় তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।     

টিকা প্রদান কার্যক্রমের প্রশিক্ষণ

আগৈলঝাড়া (বরিশশাল) সংবাদদাতা আগৈলঝাড়ায় পরিবার পরিকল্পনা অফিসের উদ্যোগে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে করোনার টিকা প্রদান কার্যক্রমের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের প্রশিক্ষণ হলে ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্য কর্মীদের মধ্যে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। পরিবার পরিকল্পনা কর্মকর্তা অমিয় রতন ঘটকের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন স্বাস্থ্য কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন, ডা. সৈকত জয়ধর, ডা. অসীম রঞ্জন হালদার প্রমূখ।

বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন জাহাঙ্গীরের ভাস্কর্যের ফলক উন্মোচন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ সার্কিট হাউস সংলগ্ন বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়কের পূর্বদিকে শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাংগীরের জীবনীসহ ভাস্কর্যের ফলক উন্মোচন করা হয়েছে। সোমবার সকালে এ ভাস্কর্যের ফলক উন্মোচন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. মো. হুমায়ন কবীর। জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেবেন্দ্রনাথ উরাও, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাকিউল ইসলাম প্রমুখ।

চাটমোহর স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সিলিন্ডার প্রদান

চাটমোহর (পাবনা) সংবাদদাতা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ও ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন অব বাংলাদেশ (আইইবি) এর সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১২টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়েছে। সোমবার সকালে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মো. ওমর ফারুক বুলবুলের কাছে অক্সিজেন সিলিন্ডারগুলো হস্তান্তর করেন আওয়ামী লীগ নেতৃবৃন্দরা। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম নজরুল ইসলাম।

ডোমার প্রেসক্লাবের কমিটি গঠন

ডোমার (নীলফামারী) সংবাদদাতা মো. মোজাফ্ফর আলীকে (দৈনিক ইত্তেফাক) সভাপতি, রওশন রশীদকে (দৈনিক সমকাল) সাধারণ সম্পাদক ও আব্দুল্লাহ আল মামুন সোহাগকে (মানবজমিন) সাংগঠনিক সম্পাদক করে ১২ সদস্যবিশিষ্ট ডোমার প্রেসক্লাবের কমিটি ঘোষণা করা হয়েছে। সোমাবার দুপুরে ডোমার প্রেসক্লাব কার্যালয়ে প্রেস ক্লাব সভাপতি মো. মোজাফ্ফর আলীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সব সদস্যদের মতামতের ভিত্তিতে ঐ কমিটি ঘোষনা করেন সাধারণ সম্পাদক রওশন রশীদ।

মশক নিধন কার্যক্রমের উদ্বোধন

জীবননগর (চুয়াডাঙ্গা) সংবাদদাতা জীবননগর পৌর কর্তৃপক্ষ মশক নিধন কার্যক্রম শুরু করেছে। সোমবার পৌর ক্যাম্পাস থেকে ডেঙ্গু মশা নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পৌর মেয়র রফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র শহিদুল ইসলাম, কাউন্সিলর সোয়েব আহমেদ অঞ্জন, কাউন্সিলর শেখ জয়নাল আবেদীন প্রমুখ। মেয়র রফিকুল ইসলাম পৌরবাসীকে মশক নিধন কার্যক্রমে অংশগ্রহণসহ বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য আহ্বান জানান।