ইসরায়েলি ব্যবসায়ীর মালিকানাধীন তেল ট্যাঙ্কারে হামলার জন্য এবার যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যও ইরানকে দায়ী করলো। এই হামলার পেছনে ইরানের হাত রয়েছে বলে অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন ও ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির বরাতে জানা যায়, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন বলেন, ‘যুক্তরাষ্ট্র বিশ্বাস করে ইরান এই হামলা চালিয়েছে। এর যথাযথ জবাবও তারা পাবে।’ ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব বলেন, ‘তেল ট্যাঙ্কারে হামলায় ইরান একাধিক ড্রোন ব্যহার করেছে। ইরান ইচ্ছাকৃতভাবে এবং পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে, যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। ইরনাকে এ ধরনের হামলা বন্ধ করতে হবে এবং নির্বিঘ্নে জাহাজ চলাচল করতে দিতে হবে।’
গত বৃহস্পতিবার ওমান উপকূলে ওই তেল ট্যাঙ্কারে হামলার ঘটনায় দুই জন নিহত হন। এদের মধ্যে একজন ব্রিটিশ নাগরিক এবং অন্যজন রোমানিয়ার নাগরিক। এর আগে এই হামলার জন্য ইরানকে দায়ী করেছে ইসরায়েল। এরপর এই হামলার পেছনে ইরনাকে দায়ী করলো যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।
তবে ইরান এসব অভিযোগ অস্বীকার করে আসছে। এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেত এই হামলার জন্য ইরানকে দায়ী করেন। তাদের কাছে প্রমাণ আছে বলেও দাবি করেন তিনি। তিনি সতর্ক করে বলেন, ‘আমরা জানি কীভাবে ইরানকে আমাদের মতো করে বার্তা দিতে হবে।’
ইত্তেফাক/এএইচপি