কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা
বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট, বাম রাজনীতির পুরোধা, মুক্তিযোদ্ধা, লেখক নির্মল সেনের ৯১তম জন্মদিন আজ মঙ্গলবার। ১৯৩০ সালের ৩ আগস্ট তিনি গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার দীঘিরপাড় গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম সুরেন্দ্রনাথ সেন গুপ্ত ও মাতার নাম লাবণ্য প্রভা সেন গুপ্ত। পাঁচ ভাই ও তিন বোনের মধ্যে নির্মল সেন পঞ্চম।
১৯৪৭ সালে দেশ ভাগের পরে নির্মল সেনের পিতা-মাতা অন্য ভাইবোনদের সঙ্গে নিয়ে কলকাতা চলে যান। জন্মভূমির প্রতি অকুণ্ঠ ভালোবাসার কারণে তিনি এ দেশে থেকে যান। নির্মল সেন বড় হয়েছেন ঝালকাঠি জেলায় পিসির বাড়িতে। তিনি ঝালকাঠি জেলার কলসকাঠি বিএম একাডেমি থেকে ১৯৪৪ সালে মাত্র ১৪ বছর বয়সে ম্যাট্রিক পাশ করেন। তিনি বরিশাল বিএম কলেজ থেকে আইএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএ ও মাস্টার্স পাশ করেন।
স্কুলজীবনে ‘ভারত ছাড়ো’ আন্দোলনের মাধ্যমে তার রাজনৈতিক জীবন শুরু হয়। কলেজজীবনে তিনি অনুশীলন সমিতির সক্রিয় সদস্য ছিলেন। পরবর্তী সময়ে তিনি আর এস পিতে যোগ দেন। তিনি ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ছিলেন।