বোমাং রাজরানির শেষকৃত্য সম্পন্ন

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের প্রয়াত বোমাং রাজরানি মাশৈনু মার্মার শেষকৃত্য রবিবার বিকালে সম্পন্ন হয়েছে। মারমা সম্প্রদায়ের রীতি অনুযায়ী রানির মরদেহকে শ্রদ্ধা জানিয়ে ও করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে রাজপরিবারের সদস্যরা মারমা শ্মশানে নিয়ে যান। মারমা সৈইং দলের সদস্যরা রঙিন পোশাক পরে ঐতিহ্য অনুযায়ী মরদেহ কাঁধে করে নিয়ে যান। শবযাত্রায় পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, রাজপরিবারের সদস্যসহ এলাকার বিভিন্ন শ্রেণি পেশার নারী-পুরুষ অংশগ্রহণ করেন। পরে শ্মশানে বৌদ্ধ ভিক্ষুদের মাধ্যমে পঞ্চশীল প্রার্থনা ও রানির মরদেহের প্রতি শ্রদ্ধা জানান বিভিন্ন স্তরের লোকজন। গত বুধবার সকালে বান্দরবানের বোমাং সার্কেলের ১৪তম রাজা প্রয়াত মংশৈপ্রু চৌধুরীর ছোট স্ত্রী রানি মাশৈনু মারমা ৯১ বছর বয়সে পুরাতন রাজবাড়ীর তার নিজ বাসভবনে পরলোকগমন করেন।