ঘিওর (মানিকগঞ্জ) সংবাদদাতা
ঘিওর থানায় এক পুলিশ সদস্যের ব্যতিক্রমী বিদায় সংবর্ধনা দিয়েছেন সহকর্মীরা। ১৯৮৩ সালে পুলিশের কনস্টেবল পদে যোগদান করেন মো. মতিউর রহমান। চাকরি জীবনের শেষ কর্মস্থল ঘিওর থানা থেকে গতকাল তাকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। এ সময় সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হন তিনি। মো. মতিয়ার রহমানের হাতে পুষ্পস্তবক ও উপহারসামগ্রী তুলে দেন সহকর্মীরা। এরপর তাকে একটি সুসজ্জিত গাড়িতে করে গ্রামের বাড়ি ধামরাই উপজেলার দেওখোলা গ্রামে পাঠানো হয়। ঘিওর থানার ওসি মো. রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব জানান, চাকরির শেষ দিন তার সম্মানে দুপুরে থানায় কর্মরত সব পুলিশ সদস্য একসঙ্গে খাবার খান। এরপর তাকে বিদায় শুভেচ্ছা জানানোসহ উপহারসামগ্রী তুলে দেওয়া হয়। পরে বাড়িতে পৌঁছে দেওয়া হয় তাকে। মতিউর রহমান বলেন, ‘চাকরি জীবনে এই বিদায় সংবর্ধনা তার জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি। খুবই আনন্দিত হয়েছি।’