সরকারের বিবেচনাহীন সিদ্ধান্তে করোনা সংক্রমণ বাড়ছে :ওয়ার্কার্স পার্টি

ইত্তেফাক রিপোর্ট

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সভায় বলা হয়েছে, দেশে করোনার অতিমারির মধ্যে আকস্মিকভাবে এক দিনের নোটিশে রপ্তানিমুখী শিল্প বিশেষ করে গার্মেন্টস ফ্যাক্টরি চালুর ঘোষণা দেওয়া বিবেচনাহীন ও হটকারিতাপূর্ণ। এটা লকডাউনের নামে জনগণের সঙ্গে লুকোচুরি খেলা। পার্টির সভাপতি রাশেদ খান মেননের সভাপতিত্বে গতকাল সোমবার অনুষ্ঠিত পলিটব্যুরোর এক ভার্চুয়াল সভায় এই অভিমত ব্যক্ত করা হয়।

পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশার উপস্থাপনায় করোনা মহামারি পরিস্থিতি ও পার্টির করোনা স্বেচ্ছাসেবক ব্রিগেডসমূহের কাজের পর্যালোচনা বিষয়ে সভায় আলোচনা শেষে পলিটব্যুরো প্রস্তাব গ্রহণ করে। সভার প্রস্তাবে বলা হয়, অবস্থাদৃষ্টে এটা প্রতীয়মান হয় যে, কঠোর লকডাউনের প্রজ্ঞাপন দিয়ে আবার রপ্তানিমুখী শিল্পের মালিকদের চাপে ১ জুলাই থেকে কারখানা চালুর ঘোষণা করোনা অতিমারি রোধ ব্যাহত ও বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির শামিল। এতে মনে হয়, সরকার সিদ্ধান্তহীনতায় ভুগছে বা করোনা রুখতে আন্তঃমন্ত্রণালয় সমন্বয় নেই। সরকারের এই বিবেচনাহীন সিদ্ধান্ত করোনা সংক্রমণ ও মৃত্যুর মিছিলকে প্রলম্বিত করবে। অন্যদিকে, আকস্মিক কারখানা খুলে দেওয়ার ঘোষণায় গ্রামে চলে যাওয়া উদ্বিগ্ন শ্রমিকদের অবর্ণনীয় দুর্ভোগের মধ্যে ঠেলে দেওয়া হয়েছিল, যা অমানবিকতার চূড়ান্ত। আলোচনায় অংশ নেন—আনিসুর রহমান মল্লিক, সুশান্ত দাস, মাহমুদুল হাসান মানিক, নুর আহমেদ বকুল, কামরুল আহসান, এনামুল হক এমরান, আমিনুল ইসলাম গোলাপ, হাজী বশিরুল আলম, জ্যোতি শংকর ঝন্টু, নজরুল ইসলাম হাক্কানী প্রমুখ।