ভ্যাকসিন উত্পাদনে সিনোফার্মের সঙ্গে শিগিগরই চুক্তি -----------------পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন আশা প্রকাশ করে বলেছেন, যৌথভাবে ভ্যাকসিন উত্পাদনের জন্য চীনের সিনোফার্মের সঙ্গে বাংলাদেশ সরকার ও ইনসেপটার মধ্যে চুক্তি হবে। গতকাল সোমবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় তিনি সাংবাদিকদের একথা বলেন। চীনের রাষ্ট্রদূত লি জিমিং পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, চীন যৌথভাবে ভ্যাকসিন উত্পাদনের প্রস্তাব করেছে। এ সংক্রান্ত একটি সমঝোতা স্মারক তারা দিয়েছে এবং আমরা পেয়েছি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে আছে। তাদের এটি সই করার কথা। মন্ত্রী বলেন, এক্ষেত্রে দেরি করা ঠিক হবে না। কারণ সই করার পরও মাস দুয়েক লাগবে উত্পাদনে যেতে। তাই যত দ্রুত সম্ভব স্বাস্থ্য মন্ত্রণালয়ের এটি শেষ করা উচিত বলে জানান তিনি।

মোমেন বলেন, তিনটি প্রতিষ্ঠান এই চুক্তিতে সই করবে এবং তারা হচ্ছে ওষুধ কোম্পানি, বাংলাদেশ সরকার এবং সিনোফার্ম। ওষুধ কোম্পানিটি হচ্ছে ইনসেপটা। তারা বড় আকারে আমদানি করে এখানে বটলিংসহ অন্যান্য কাজ করবে। এতে অনেক কম দাম পড়বে।

মন্ত্রী বলেন, সিনোফার্মের ৭০ লাখ টিকা এসেছে আরও আসবে। তিনি বলেন, চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যখন আলোচনা হয় তখন তিনি বলেছিলেন, টিকা সরবরাহ মসৃণ হবে। এজন্য তারা কয়েকটা প্রস্তাব দিয়েছে। এর মধ্যে একটি হচ্ছে—যতটুকু দরকার সেটি যেন আগে জানানো হয় কারণ তাদের ওষুধের চাহিদা অনেক বেশি। আগে না বললে জোগান নিশ্চিত করা সম্ভব হবে না বলে তারা জানিয়েছে।